আবার আসিব ফিরেপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘আবার আসিব ফিরে’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষদুইটি অংশ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। প্রশ্ন: গ. উদ্দীপকে বাংলার প্রকৃতির যে চিত্র ফুটে উঠেছে, ‘আবার আসিব ফিরে’ কবিতার আলোকে তার স্বরূপ বর্ণনা করো। উত্তর: গ. উদ্দীপকে বাংলার প্রকৃতি, তার সৌন্দর্য বৈচিত্রের এক অসাধারণ রূপ ফুটে উঠেছে। অন্যদিকে নিসর্গ প্রিয় কবি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতায় প্রকাশ পেয়েছে বাংলার প্রতি কবির সীমাহীন অনুরূপ। কবি জীবনানন্দ দাশ এখানে প্রকৃতির অতি তুচ্ছ বিষয়গুলোকে স্বরূপে উদ্ভাসিত করে তুলেছেন। জীবনের বিচিত্র অনুষঙ্গকে কবি হূদয় দিয়ে উপলব্ধি করেছেন। কার্তিকে পাকা ধানের ম ম গন্ধ বাতাসে আমোদিত হয়, এ সময় নবান্নের উৎসবে মুখরিত হয় বাংলার পবিত্র অঙ্গন। কুয়াশা ঢাকা শীতের ভোরে শিশিরসিক্ত কাঁঠাল ছায়ায় গ্রামবাংলার প্রকৃতি শীর্ণ রূপ ধারণ করে। বিলের জলে শোভা পায় ফুটন্ত পদ্ম। সন্ধ্যার বাতাসে উড়তে থাকে হরেক নাম না জানা পোকামাকড়। গোধূলির আবিররঙা মেঘে ঢাকা আকাশের প্রান্ত থেকে ছুটে আসে ধবল বকের সারি। রূপসার কর্দমাক্ত জলে ছেড়া পাল উড়িয়ে ডিঙি নৌকা নিয়ে আসে দুরন্ত কিশোর। কবি গ্রামবাংলার এসব খণ্ডচিত্রের মাঝে জীবন ও প্রকৃতির নিখুঁত ছবি অঙ্কন করেছেন। প্রকৃতির অতি সাধারণ বিষয়গুলোও তাঁর দৃষ্টিতে অনবদ্য মহিমায় ফুটে উঠেছে। তিনি বাংলাকে এতটা গভীরভাবে ভালোবেসেছিলেন বলেই প্রকৃতির কোনো উপকরণই তাঁর দৃষ্টিকে ছাপিয়ে যেতে পারেনি। তিনি মনে করেন, পৃথিবীর অন্য কোনো দেশে, বাংলা প্রকৃতির মতো এমন অনিন্দ্য সুন্দর রূপবৈচিত্র্য ফুটে ওঠেনি। তাই তো কবিকণ্ঠে ধ্বনিত হয়েছে এমন সুমধুর বাণী।‘বাংলার রূপ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর।’ কবির এমন হূদয়ঘনিষ্ঠ আবেগপূর্ণ বাণী শুধু বাংলা মায়ের করকমলেই নিবেদিত হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত কবির নিসর্গপ্রীতির নমুনাটুকুই ফুটে উঠেছে ‘আবার আসিব ফিরে’ কবিতাটির অবয়বে।প্রশ্ন: ঘ. উদ্ধৃত অংশটুকু ‘আবার আসিব ফিরে’ কবিতার নামকরণকে যথার্থ করে তুলেছে—বিশ্লেষণ করো। উত্তর: ঘ. প্রকৃতি প্রেমিক কবি জীবনানন্দ দাশ রচিত ‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ‘আবার আসিব ফিরে’ কবিতাটি। কবিতার নামকরণের মধ্যে ফুটে উঠেছে কবিহূদয়ের এক তীব্র আকাঙ্ক্ষা। কবিতাটির প্রতিটি চরণেই ফুটে উঠেছে রূপময় বাংলা প্রকৃতির সঙ্গে কবিমনের অবিচ্ছেদ্য বাঁধনে জড়িয়ে থাকার প্রয়াস। কবির মায়াবী দৃষ্টিতে বাংলা প্রকৃতি অনন্য, অসাধারণ। এ দেশের প্রতিটি তুচ্ছাতিতুচ্ছ উপকরণের মাঝেই কবি অনুভব করেন এক সুগভীর আকর্ষণ। বাংলার মাঠ-ঘাট, নদী-নালা, ফুল-পাখি, লতা-পাতা সবকিছুই কবির একান্ত আপন। মাতৃভূমির পবিত্র অঙ্গনে জন্ম নেওয়াটা যেমন তাঁর জীবনকে সার্থক করছে, তেমনি এ বাংলাকে তাঁর অন্তরের বেদিমূলে স্থান দিয়ে তিনি মৃত্যুর পরও বাংলার সঙ্গে অবিচ্ছিন্ন থাকতে চান। তিনি মুহূর্তের জন্যও এ স্বর্গীয় নিসর্গ ছেড়ে কোথাও যেতে রাজি নন। একান্তই যদি তিনি অপ্রতিরোধ্য মৃত্যুর হাত থেকে রেহাই না পান, তাহলে প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গরূপ তিনি এ বাংলাতে ফিরে আসতে চান। হয়তো শঙ্খচিল বা শালিকের বেশে অথবা কুয়াশা ঢাকা ভোরে শিশিরসিক্ত কাঁঠাল ছায়ার কাক হয়ে, কখনো বা কলমির গন্ধভরা জলে হাঁস হয়ে তিনি ভেসে বেড়াতে চান। সন্ধ্যার বাতাসে সুদর্শন পোকা হয়ে অথবা শিমুলের ডালে লক্ষ্মীপেঁচা হয়ে তিনি ডাকতে চান। কখনো রূপসার ঘোলা জলে দুরন্ত কিশোর মাঝি হয়ে ছেঁড়া পাল উড়িয়ে অথবা রাঙা মেঘের কোল ঘেঁষে সাদা বকের সারির মধ্যে তিনি নিজের অস্তিত্বকে ফুটিয়ে তুলতে চান। এভাবে বাংলার রূপবৈচিত্র্যের প্রতিটি পরতে তিনি লুকিয়ে থাকবেন বলে আশা প্রকাশ করেন। তাঁর মৃত্যুর পর বাংলার প্রকৃতির মাঝে তাঁর চির জাগরুক থাকার এই অন্তিম ইচ্ছাটুকুই কবিতার অবয়বে স্থান পেয়েছে। অতএব বলা যায়, উদ্দীপকের মূল ভাবটুকুর সঙ্গে ‘আবার আসিব ফিরে’ কবিতার নামকরণটি যথার্থ এবং সামঞ্জস্যপূর্ণ হয়েছে।