পরামর্শপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সামাজিক বিজ্ঞান বিষয়-এর পাঠ্যসূচির বিষয়বস্তু ভালোভাবে আয়ত্ব করার কৌশল আলোচনা করা হলো।শিক্ষার্থীদের মনে রাখতে হবে সৃজনশীল রচনামূলক ও বহুনির্বাচনী প্রশ্নের অংশবিশেষের উত্তর সরাসরি পাঠ্যবইয়ে পাওয়া যাবে না। এ জন্য পাঠ্যবইয়ের বিষয়বস্তু ভালোভাবে বুঝে পড়ার পাশাপাশি নিয়মিত পত্রপত্রিকা ও সাময়িকী পড়বে এবং নিজ সমাজ ও পরিবেশে ঘটে যাওয়া সাধারণ ঘটনাকে গুরুত্ব দিয়ে উপলব্ধি ও আয়ত্ত করতে হবে। প্রয়োজনে সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মনের মধ্যে অনুচ্ছেদ, চিত্রকল্প তৈরি করবে এবং এসব প্রশ্নের উত্তর প্রস্তুত করবে। প্রয়োজনে শিক্ষকের সাহায্য নেবে।বহুনির্বাচনী প্রশ্ন: বহুনির্বাচনী প্রশ্নের একটি উদ্দীপক থাকবে এবং এর ভিত্তিতে কয়েকটি বিকল্প উত্তর দেওয়া থাকবে। বিকল্প উত্তরগুলোর মধ্যে একটি সঠিক, বাকিগুলো বিক্ষেপক। বহুনির্বাচনী প্রশ্নপদ্ধতিতে তিন ধরনের প্রশ্ন থাকবে। যেমন: বহুনির্বাচনী প্রশ্ন, বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন এবং অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন। সামাজিক বিজ্ঞান বিষয়ে ৪০টি প্রশ্নের মধ্যে ২৪টির উত্তর সরাসরি বই থেকে দেওয়া যাবে। এ জন্য প্রতিটি অধ্যায় গুরুত্বসহকারে পড়বে। বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সাল, শাসকের নাম, সংখ্যা, স্থানসহ গুরুত্বপূর্ণ বিষয় ভালোভাবে পড়তে হবে।নম্বরবিন্যাস: জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় সামাজিক বিজ্ঞানে মোট ১০০ নম্বর থাকবে। এর মধ্যে রচনামূলক সৃজনশীল ১০টি প্রশ্ন থেকে ছয়টির উত্তর দিয়ে ৬০ নম্বর এবং ৪০টি বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দিয়ে ৪০ নম্বর পেতে পারে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা, প্রতিটি অধ্যায় পড়ার আগে নম্বর বন্টন এবং কয়টি প্রশ্ন থাকবে তা জেনে নেবে। এতে তোমাদের ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নেওয়া সহজ হবে।