জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু
অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আজ মঙ্গলবার সকাল ১০টায় শুরু হয়েছে। এই পরীক্ষায় ২৭ হাজার ৬১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮ লাখ ৬১ হাজার ১১৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এ পরীক্ষা শেষ হবে ২১ নভেম্বর।আটটি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে সারা দেশে দ্বিতীয়বার গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষা হচ্ছে। গতবার পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ৯২ হাজার ৮০২ জন।আটটি শিক্ষা বোর্ডের অধীনে জেএসসিতে পরীক্ষার্থী ১৫ লাখ ৩৭ হাজার ৪২২ জন এবং মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে পরীক্ষার্থী তিন লাখ ২৩ হাজার ৬৯১ জন। দুই পরীক্ষায় মোট ছাত্রের সংখ্যা আট লাখ ৬১ হাজার ৭৬৪ এবং ছাত্রীর সংখ্যা নয় লাখ ৯৯ হাজার ৩৪৯। অর্থাত্ ছাত্রের চেয়ে ছাত্রী এক লাখ ৩৭ হাজার ৫৮৫ জন বেশি। দুই হাজার নয়টি কেন্দ্রে এ পরীক্ষা হচ্ছে।জেএসসি পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে চার লাখ ৬৪ হাজার ১২৮ জন, রাজশাহীতে এক লাখ ৯৪ হাজার ৬৩২, কুমিল্লায় দুই লাখ ৪৯৫, যশোরে এক লাখ ৯৮ হাজার ৮৩৩, চট্টগ্রামে এক লাখ ২৮ হাজার ১০৪, বরিশালে ৮৫ হাজার ৫২৭, সিলেটে ৯৪ হাজার ২৯০ এবং দিনাজপুর বোর্ডে রয়েছে এক লাখ ৭১ হাজার ৪১৩ জন।