জেএসসিতে পাসের হার ৮৯.৮৫ শতাংশ, জেডিসিতে ৯৩.৫০ শতাংশ

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বোর্ড চেয়ারম্যানদের নিয়ে ফলাফলের নথি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এবার জেএসসি পরীক্ষায় গড় পাসের হার ৮৯ দশমিক ৮৫ শতাংশ।
জেডিসিতে পাসের হার ৯৩ দশমিক ৫০ শতাংশ। জেডিসি ও জেএসসি পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫৬ হাজার ২৩৫ শিক্ষার্থী।
এরপর শিক্ষা মন্ত্রণালয় বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জেএসসি ও জেডিসির ফল প্রকাশ করে। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।
সংবাদ সম্মেলনের পর বিদ্যালয় ও মাদ্রাসাগুলোয় ফল প্রকাশ করা হয়। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) ফল পাওয়া যাচ্ছে। গত ৭ নভেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়। এ বছর প্রায় ২১ লাখ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছে।
মুঠোফোনে ফলাফল: মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়ে জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল পাওয়া যায়। এ জন্য যেকোনো মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে JSC/JDC লিখে স্পেস দিয়ে নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৪ লিখতে হবে। এরপর খুদেবার্তাটি ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি খুদেবার্তায় ফলাফল জানিয়ে দেওয়া হবে।