জেএসসি-জেডিসির প্রথম দিনে অনুপস্থিত ৪১,৮০৯ শিক্ষার্থী
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রথম দিনে আজ রোববার সারা দেশে অনুপস্থিত ছিল ৪১ হাজার ৮০৯ জন পরীক্ষার্থী। আর বহিষ্কার হয়েছে দুজন। এই তথ্য শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রক কক্ষের।
সারা দেশে আজ শুরু হয়েছে এ দুই পরীক্ষা। মোট নিবন্ধিত পরীক্ষার্থী ছিল ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন। প্রথম দিনে অনুষ্ঠিত হয়েছে জেএসসির বাংলা প্রথম পত্র এবং জেডিসির কোরআন মাজীদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা।
এদিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, সারা দেশে নির্বিঘ্নে পরীক্ষা হচ্ছে। এটি পাবলিক পরীক্ষা নয়, জাতীয় পর্যায়ের পরীক্ষা। বলা চলে, এটি শিক্ষার্থীদের ক্লাসে ধরে রাখার একটি কৌশল। এ ছাড়া এই পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসও বাড়িয়ে দিচ্ছে।
১৮ নভেম্বর এই পরীক্ষা শেষ হবে।