জেএসসি-জেডিসির প্রথম দিনে ৫৯,৬৮৭ জন অনুপস্থিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে আজ মঙ্গলবার শুরু হয়েছে ২০১৬ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। প্রথম দিনে সারা দেশে অনুপস্থিত ছিল ৫৯ হাজার ৬৮৭ জন পরীক্ষার্থী। অসদুপায় অবলম্বনের জন্য ১৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
পরীক্ষা শেষে আজ শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রক কক্ষ থেকে প্রথম আলোকে এ তথ্য জানানো হয়েছে। এই দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২৩ লাখ ৩ হাজার ৬৯৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২২ লাখ ৪৪ হাজার ৭ জন। আজ জেএসসিতে বাংলা প্রথম পত্র ও জেডিসিতে কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অনুপস্থিতির শতকরা হার ২ দশমিক ৫৯ শতাংশ।
নিয়ন্ত্রক কক্ষের দেওয়া হিসাব অনুযায়ী, অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ১২ হাজার ৫৬০ জন, চট্টগ্রামে ২ হাজার ৭০৫ জন, রাজশাহীতে ৪ হাজার ৮৩৮ জন, বরিশালে ৩ হাজার ২৮৮ জন, সিলেটে ২ হাজার ৬৫০ জন, দিনাজপুর বোর্ডে ৩ হাজার ৬২৫ জন, কুমিল্লায় ৬ হাজার ৪১০ জন, যশোরে ৪ হাজার ৮৪৬ জন অনুপস্থিত ছিল। আর মাদ্রাসা বোর্ডের অধীন জেডিসিতে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৮ হাজার ৭৬৫।
বহিষ্কৃত ১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ জনই মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী। বাকিদের মধ্যে দুজন বরিশাল বোর্ডের ও একজন কুমিল্লা বোর্ডের পরীক্ষার্থী। এ ছাড়া মাদ্রাসা বোর্ডের অধীন একজন পরিদর্শককেও বহিষ্কার করা হয়েছে।
সময়সূচি অনুযায়ী ১৭ নভেম্বর শেষ হবে এই পরীক্ষা। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।