প্রিয় শিক্ষার্থীরা, আজ কৃষি শিক্ষা বিষয় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তার আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্ত ভালোভাবে পড়বে।রফিক সাহেব তাঁর বাড়ির একটি দোচালা ঘরের মেঝেতে আবদ্ধ অবস্থায় মুরগি পালন করে জীবিকা নির্বাহ করেন। ওই ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৩৫ মিটার ও ১৫ মিটার। তাঁর দেখাদেখি তাঁর মেয়ে তুশিও ১০-১২টি দেশি মুরগি পালন করে, তবে ছাড়া অবস্থায়। রফিক সাহেব মুরগির অনেক যত্ন করেন। কিন্তু সে হিসেবে তুশি কিছুই করে না। তারপরও তার মুরগিগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে দেখে ভাবে, তার বাবাও যদি তার মতো করে মুরগি পালন করত, তবে এত খাবার-দাবার, যত্নআত্তি করতে হতো না। ক. দেশি মুরগি বছরে গড়ে কতটি ডিম দেয়?খ. ডিপ লিটার পদ্ধতিতে ঘরের মেঝে ঘন ঘন পরিষ্কার করতে হয় না কেন?গ. রফিক সাহেব দোচালা ঘরটিতে কতটি বাড়ন্ত মুরগি পালন করতে পারবেন?ঘ. মুরগি পালনের পদ্ধতি নিয়ে তুশির ভাবনাটি মূল্যায়ণ করো।উত্তর: ক. দেশি মুরগি বছরে গড়ে ৪৫টি ডিম দেয়।উত্তর: খ. ডিপ লিটার পদ্ধতিতে মুরগি পালনের ক্ষেত্রে ঘরের মেঝেতে ১৫-২০ সেন্টিমিটার পুরু বিছানা তৈরি করা হয়। এই বিছানা তৈরিতে ধানের তুষ, কাঠের গুঁড়া, খড় বা পাতা চূর্ণ ব্যবহার করা হয়। এই পুরু বিছানা মুরগির পায়খানার জলীয় অংশ শোষণ করে নেয়। ফলে মেঝে শুকনো থাকে। বিছানার পুরুত্বের জন্য মুরগির পায়খানা মেঝের সঙ্গে লেগে যায় না। সপ্তাহে একবার লাঠি দিয়ে খুঁচিয়ে খড়ের কুচি, কাঠের গুঁড়া ওলট-পালট করে দিলেই মুরগির থাকার জায়গা অনেক দিন পর্যন্ত বসবাসের উপযোগী থাকে। তাই ডিপ লিটার পদ্ধতিতে ঘরের মেঝে ঘন ঘন পরিষ্কার করতে হয় না।উত্তর: গ. দেওয়া আছে, রফিক সাহেব একটি দোচালা ঘরের মেঝেতে আবদ্ধ অবস্থায় মুরগি পালন করেন। আর সেই ঘরটির দৈর্ঘ্য = ৩৫ মিটার = (৩৫ × ১০০) সেন্টিমিটার = ৩৫০০ সেন্টিমিটারও প্রস্থ = ১৫ মিটার = (১৫ × ১০০) সেন্টিমিটার = ১৫০০ সেন্টিমিটারসুতরাং, ঘরটির ক্ষেত্রফল = (৩৫০০ × ১৫০০) বর্গ সেন্টিমিটার = ৫২৫০০০০ বর্গ সেন্টিমিটারআমরা জানি, মেঝেতে মুরগি পালনের ক্ষেত্রে একটি বাড়ন্ত মুরগির জন্য ১৮০০ বর্গ সেন্টিমিটার জায়গা দরকার। তাহলে, ৫২৫০০০০ বর্গ সে.মি. জায়গায় বাড়ন্ত মুরগি পালন করা যাবে = ৫২৫০০০০/১৮০০টি = ২৯১৭টি (প্রায়)।সুতরাং রফিক সাহেব ওই দোচালা ঘরে প্রায় ২৯১৭টি বাড়ন্ত মুরগি পালন করতে পারবেন।উত্তর: ঘ. তুশি ছাড়া অবস্থায় মুরগি পালন করায় তার হয়তো শ্রম ও খরচ দুই-ই কম লাগে। কিন্তু এই পদ্ধতিতে অনেকগুলো অসুবিধা আছে, যা রফিক সাহেবের পদ্ধতিতে (মেঝেতে মুরগি পালন পদ্ধতি) নেই। যেমন: খোলা পদ্ধতিতে মুরগি নিয়ন্ত্রণের বাইরে থাকে বলে চুরি হয়ে যাওয়ার ভয় থাকে। কিন্তু মেঝেতে মুরগি পালনে মুরগি আবদ্ধ অবস্থায় থাকে বলে চুরি হয়ে যাওয়ার ভয় থাকে না।খোলা পদ্ধতিতে মুরগি যেখানে-সেখানে মলত্যাগ করে ও ডিম পাড়ে। এতে পরিবেশ নষ্ট হয় এবং অনেক ডিম হারিয়ে যায়। কিন্তু মেঝেতে মুরগি পালনের ক্ষেত্রে মুরগি ঘরের বাইরে যেতে পারে না বলে এই সমস্যাগুলো থাকে না।আর ছাড়া অবস্থায় মুরগি পালনে মুরগি খাবারের জন্য মুক্তভাবে বিচরণ করে বলে সবজিবাগান নষ্ট হয় এবং প্রতিবেশীদের বিরক্ত করে। মেঝেতে মুরগি পালনের ক্ষেত্রে এসব সমস্যা থাকে না।ছাড়া অবস্থায় সর্বোচ্চ ১৫-২০টি মুরগি পালন করা যায়। এর বেশি পালন করলে উপরিউক্ত অসুবিধাগুলো আরও বাড়তে থাকে এবং মুরগি পালন অসম্ভব হয়ে পড়ে। তুশি যেহেতু ১০-১২টি মুরগি পালন করে, সেহেতু তার সমস্যাগুলো কম। কিন্তু সে যদি তার বাবার মতো কয়েক হাজার মুরগি পালন করত, তবে তা এ পদ্ধতিতে সম্ভব হতো না।এ ছাড়া রফিক সাহেব মুরগি পালন করে জীবিকা নির্বাহ করেন। তাই তাঁকে ব্যবসায়িক কথা মাথায় রাখতে হয়। আমরা জানি, ব্যবসায়িক উদ্দেশে দেশি মুরগি পালন করা যায় না। কারণ, দেশি মুরগি অনুন্নত ও অনেক কম ডিম দেয়। ব্যবসায়িক উদ্দেশে উন্নত বা সংকরজাত মুরগি পালন করতে হয়। ছাড়া অবস্থায় শুধু দেশি মুরগি পালন করা যায়, উন্নত বা সংকরজাত মুরগি পালন করা যায় না। তাই, ব্যবসায়িক কথা চিন্তা করলে রফিক সাহেবের জন্য ছাড়া অবস্থায় মুরগি পালন উপযুক্ত নয়। এসব কারণে বলা যায়, মুরগি পালনের পদ্ধতি সম্পর্কে তুশির ভাবনাটি পুরোপুরি সঠিক নয়। তার পদ্ধতিতে অল্প পরিসরে কিছু দেশি মুরগি কোনো খাবার-দাবার ও যত্নআত্তি ছাড়া পালন করা যেতে পারে। কিন্তু তার বাবার মতো ব্যবসায়িক চিন্তা মাথায় রেখে বড় আকারে খামার গড়ে তুলতে গেলে তার পদ্ধতিটি উপযুক্ত হবে না।