সহকারী শিক্ষক, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা বাঙালির বাংলা প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা প্রথম পত্রের একটি সৃজনশীল প্রশ্নোত্তর উপস্থাপন করছি।১৯৪৭ সালে দেশ বিভাগের পর পাকিস্তানের জন্ম হয়। তৎকালীন উর্দু ভাষাভাষী পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানে বসবাসরত বাঙালিদের ওপর নানাভাবে শোষণ ও নির্যাতন চালায়; এমনকি তারা আমাদের মাতৃভাষা বাংলাকেও কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করে। ফলে বীর বাঙালি শক্ত হাতে এর বিরুদ্ধে প্রতিবাদ করে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তারা বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য জীবন দেয়। অবশেষে তাদের এই আত্মত্যাগ সফল হয়।ক. প্রথম মহাযুদ্ধ শুরু হওয়ার সময় কাজী নজরুল ইসলাম কোন শ্রেণীর ছাত্র ছিলেন?খ. ‘বাংলার আবহাওয়ায় আছে স্বাধীনতা মন্ত্রের সঞ্জীবনী শক্তি।’ ব্যাখ্যা করো।গ. উদ্দীপকে ‘বাঙালির বাংলা’ প্রবন্ধের বাঙালি চরিত্রের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।ঘ. ‘মাতৃভাষার জন্য বাঙালির আত্মত্যাগ যেন বাঙালি জাতির ভাবমূর্তিকে আরও বেশি উজ্জ্বল করেছে।’ উক্তিটি উদ্দীপক ও ‘বাঙালির বাংলা’ প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো।উত্তর: ক. প্রথম মহাযুদ্ধ শুরু হওয়ার সময় কাজী নজরুল ইসলাম দশম শ্রেণীর ছাত্র ছিলেন।উত্তর: খ. বাঙালি সাহসী ও নির্ভীক জাতি। একদিন বাঙালি সব অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। স্বাধীনতার জন্য আত্মোৎসর্গ করে মুক্ত করেছিল বাংলার আকাশ-বাতাস।দেশ বিভাগের পর থেকে পরাধীনতার কবলে পড়েছিল বাঙালি জাতি। ভাষার জন্য জীবন দিয়েছে তারা। দেশকে স্বাধীন করার জন্য বাঙালি ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করেছে। বাঙালির এ অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে সংগ্রামী চেতনার মন্ত্র।উত্তর: গ. উদ্দীপকে ‘বাঙালির বাংলা’ প্রবন্ধের বাঙালির মাতৃভাষা রক্ষার সংগ্রামের কথা প্রতিফলিত হয়েছে।আমাদের প্রিয় জন্মভূমিকে বারবার বিদেশিরা আক্রমণ করেছে। প্রত্যুত্তরে বাঙালিরা নিজেদের জীবন দিয়ে দমন করেছে শত্রুকে। স্বাধীনতার জন্য ধারাবাহিক সংগ্রাম তার জ্বলন্ত উদাহরণ।উদ্দীপকের বর্ণনা অনুসারে, ১৯৫২ সাল থেকেই বাঙালিরা নানাভাবে পাকিস্তানিদের দ্বারা অত্যাচারের শিকার হয়েছিল। কিন্তু ভাষার ওপর আক্রমণ তারা সহ্য করেনি। বীর বাঙালি এর বিরুদ্ধে প্রতিবাদ করে, রাজপথ রক্তে রঞ্জিত করে এর বিরুদ্ধে সংগ্রাম করে তারা। ‘বাঙালির বাংলা’ প্রবন্ধে বাঙালির এই প্রতিবাদী চরিত্রের কথা বর্ণনা করা হয়েছে। বাঙালির প্রবল প্রতিবাদী চেতনা চমৎকারভাবে ফুটে উঠেছে এ প্রবন্ধে।উত্তর: ঘ. ‘বাঙালির বাংলা’ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম বাঙালি চরিত্রের সাহসী ও প্রতিবাদী চরিত্র ফুটিয়ে তুলেছেন।এ প্রবন্ধে বর্ণনা করা হয়েছে তাদের অসীম সাহসিকতার কথা। লেখক সুন্দরভাবে চিত্রিত করেছেন বাঙালির পূর্ব ইতিহাসকে। তারা পাশবিক শক্তির বিরুদ্ধে লড়াই করেছিল। ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে অর্জন করেছিল স্বাধীনতা। ভাষা আন্দোলন তারই প্রকৃত উদাহরণ।উদ্দীপকে বর্ণিত হয়েছে বাঙালির এক মহান আত্মত্যাগের কথা। অত্যাচারিত ও শোষিত বাঙালি জাতির ওপর যখন আঘাত হানা হয়েছে, বাংলা ভাষাকে চিরতরে বিলীন করার চেষ্টা করা হয়েছে, তখন বাঙালি জেগে ওঠে। প্রতিবাদ করে। অবশেষে তারা বুকের তাজা রক্ত ঢেলে ছিনিয়ে নেয় মাতৃভাষাকে।এ কথা বলা যায়, বাঙালির রক্তে মিশে আছে প্রতিবাদী সত্তা, যা উদ্দীপকে ও ‘বাঙালির বাংলা’ প্রবন্ধে ফুটে উঠেছে। বাঙালি ছাড়া বিশ্বের আর কোনো জাতি নেই, যারা ভাষার জন্য প্রাণ দান করেছে। ফলে একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রূপে স্বীকৃতি পেয়েছে। উদ্দীপক ও ‘বাঙালির বাংলা’ প্রবন্ধে বাঙালির এই সাহসী চরিত্রের কথা সুনিপুণভাবে বর্ধিত হয়েছে।# ২০১২ সালের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার সময়সূচি ছাপা হবে আগামীকাল শুক্রবার।