৩০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি সঠিকভাবে নেওয়াটা খুবই জরুরি। এ পরীক্ষার জন্য কী ধরনের প্রস্তুতি নিতে হবে—এ বিষয়ে ইতিপূর্বে প্রথম আলোতে একটি লেখা প্রকাশিত হয়েছে। আজকের লেখায় কয়েকটি গুরুত্বপূর্ণ অথচ ব্যবহারিক বিষয়ে আলোচনা সীমাবদ্ধ রাখার চেষ্টা করব। প্রবেশপত্র সংরক্ষণ: প্রিলিমিনারি পরীক্ষার জন্য আপনাদের পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক প্রদত্ত প্রবেশপত্রটি খুবই গুরুত্বপূর্ণ একটি দলিল। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, বিসিএস পরীক্ষায় তিনটি ধাপে মেধা যাচাই করা হয়। প্রতিটি ধাপেই (প্রিলিমিনারি টেস্ট, লিখিত পরীক্ষা ও মৌখিক) প্রবেশপত্র হিসেবে ব্যবহূত হবে এটি। বিসিএস পরীক্ষায় পাসের পর স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন ও অন্যান্য আনুষঙ্গিক কাজের সময়ও ব্যবহূত হবে এই প্রবেশপত্রটি। এমনকি চাকরি পাওয়ার পরও এর প্রয়োজন ফুরিয়ে যাবে না। তাই প্রবেশপত্রটি পাওয়ার পর এর ফটোকপি করে নিতে হবে। আর মূল প্রবেশপত্রটি যত্নসহকারে রাখতে হবে। ক্যালকুলেটরের ব্যবহার: প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে ক্যালকুলেটরের ব্যবহার নিয়ে একটি বিতর্ক দীর্ঘদিন চলে আসছে। পরীক্ষার হলে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কি না, ব্যবহার করতে পারলে সেটি সাধারণ না সায়েন্টিফিক ক্যালকুলেটর—এসব বিতর্কে না গিয়ে আমি এককথায় বলব, ক্যালকুলেটর ব্যবহারের কোনো প্রয়োজন নেই। প্রিলিমিনারি টেস্টে বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, গণিত, বিজ্ঞান, মানসিক দক্ষতার বিষয়গুলো থেকে প্রশ্ন করা হয়। গণিত ব্যতীত অন্য কোনো বিষয়ে ক্যালকুলেটরের প্রয়োজন নেই। আর গাণিতিক যুক্তির যেসব প্রশ্ন বিগত বিসিএস পরীক্ষাগুলোতে আমরা দেখেছি, সেগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, মূলত একজন ব্যক্তির গণিত বিষয়ে মৌলিক জ্ঞানটুকু আছে কি না তা যাচাই করা হয় এ অংশে। ফলে এ ক্ষেত্রে ক্যালকুলেটরনির্ভর না হওয়াটাই উত্তম। পুরোনো প্রশ্ন, নতুন প্রশ্ন: ২৪তম বিসিএস থেকে প্রথম আলোয় প্রিলিমিনারি টেস্টের বিভিন্ন বিষয় সম্পর্কে লিখে আসছি। বিভিন্ন সময় মডেল টেস্টের প্রশ্ন দেখে অনেকেই প্রশ্ন করেছেন, মডেল টেস্টে পুরোনো প্রশ্ন বেশি থাকে কেন? উত্তর হলো, প্রিলিমিনারি টেস্টের বাংলা অংশে ২০টি প্রশ্ন থাকে। এর মধ্যে ১৭-১৮টি প্রশ্ন করা হয় বিদ্যমান তথ্যগুলো থেকে। বাংলা সাহিত্যের নতুন গতিপ্রকৃতি, নতুন গ্রন্থ ও লেখক এবং সাহিত্য-সংশ্লিষ্ট সাম্প্রতিক বিষয় নিয়ে দু-একটা প্রশ্ন করা হয়। ব্যাকরণের বিভিন্ন দিক নিয়ে নতুন প্রশ্ন করার তেমন একটা অবকাশ নেই। তাই সংগত কারণেই বাংলা বিষয়ে নতুন প্রশ্ন তেমন একটা থাকে না। একই কথা বলা যায় ইংরেজির ক্ষেত্রেও। বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি থেকে ৪০টি প্রশ্ন করা হয় প্রিলিমিনারি টেস্টে। এ ক্ষেত্রে নতুন ও পুরোনো প্রশ্নের অনুপাত প্রায় ৪০: ৬০। বাংলাদেশ এবং বিশ্বব্যবস্থায় ইতিমধ্যে বিদ্যমান তথ্য, ঘটনা এবং ঐতিহাসিক ঘটনার ওপর ভিত্তি করে শতকরা ৬০ ভাগ প্রশ্ন করা হয়। অন্যদিকে বাংলাদেশ ও বিশ্বব্যবস্থার সাম্প্রতিক পরিবর্তন, ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনা—এসব বিষয়ে নিয়ে ৩০ থেকে ৪০ শতাংশ প্রশ্ন করা হয়। গণিতের ক্ষেত্রে বিদ্যমান সূত্রগুলোর ওপর ভিত্তি করেই প্রশ্ন করা হয়। এ অংশে নতুন সংযোজন হচ্ছে মানসিক দক্ষতা। বুদ্ধিমত্তার স্তর নির্ধারণের জন্য এ বিষয়টি প্রিলিমিনারি টেস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ক্ষেত্রে নতুন নতুন প্রশ্ন দেওয়া হতে পারে। মানসিক দক্ষতা অংশে কী ধরনের প্রশ্ন আসতে পারে, সে বিষয়ে আগামী সপ্তাহে প্রথম আলোর পড়াশোনা পাতায় কয়েকটি মডেল টেস্ট প্রকাশিত হবে। বাকি থাকল বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে নতুন প্রশ্নই বেশি করা হয়। তবে পুরোনো প্রশ্ন যে থাকে না তাও বলা যাবে না। বিজ্ঞানের বিদ্যমান সূত্র, প্রাত্যহিক জীবনে ব্যবহূত হয় এমন সব প্রযুক্তি, স্বাস্থ্য-পুষ্টি—এসব বিষয়ে প্রায় ৪০ শতাংশ প্রশ্ন করা হয়। ওপরের আলোচনার আলোকে বলা যায়, পুরোনো প্রশ্নের ওপর বেশি জোর দিতে হবে। তবে নতুন প্রশ্নকেও অবহেলা করা যাবে না। প্রস্তুতির কৌশল: প্রিলিমিনারি পরীক্ষার জন্য বিষয়ভিত্তিক জ্ঞান অর্জনের পাশাপাশি পরীক্ষার দিনের জন্য বিশেষ কিছু প্রায়োগিক প্রস্তুতি নিতে হবে। প্রিলিমিনারি টেস্টের জন্য এক ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। এই সময়টুকুর মধ্যে পরীক্ষা-সংশ্লিষ্ট যাবতীয় কর্ম সম্পাদন করতে হবে। সেই হিসেবে একজন পরীক্ষার্থী একটি প্রশ্নের জন্য সময় পাবেন মাত্র ৩৬ সেকেন্ড। এই সময়ের মধ্যে তাঁকে সংশ্লিষ্ট প্রশ্নটির উত্তর খুঁজে বের করতে হবে। একই সঙ্গে পূরণ করতে হবে সংশ্লিষ্ট বৃত্তটি। হাজিরা খাতায় স্বাক্ষর করা, কক্ষ পর্যবেক্ষক কর্তৃক উত্তরপত্রে স্বাক্ষর প্রদানসহ আরও কিছু আনুষ্ঠানিক কাজও সম্পন্ন করতে হবে এই সময়টুকুর মধ্যেই। এ সমস্যা থেকে বের হতে হলে আমাদের সময় ব্যবস্থাপনার ওপর জোর দিতে হবে। এ জন্য প্রস্তুতির শুরু থেকেই দ্রুত বৃত্ত পূরণের কৌশল আয়ত্তে আনতে হবে। নিয়মিত অনুশীলন করলে অল্প সময়ে বৃত্ত পূরণের বিষয়টি আয়ত্তে চলে আসবে। উত্তর প্রদানের কৌশল: প্রিলিমিনারি টেস্টের প্রশ্ন হাতে পাওয়ার পর প্রথমেই পরিচিত প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিতে হবে। ভালো প্রস্তুতি থাকলে একজন পরীক্ষার্থী প্রথম ধাপেই ৬০টি প্রশ্নের উত্তর দিতে পারবেন। প্রথম ধাপে গণিতের উত্তর না দেওয়াই ভালো। দ্বিতীয় পর্যায়ে গণিতের উত্তরগুলো চিন্তাভাবনা করে দিতে হবে। সব সময় মনে রাখতে হবে, একটি ভুল প্রশ্নের জন্য নম্বর কেটে নেওয়া হবে। তাই কোনো প্রশ্নের উত্তর দিতে গিয়ে লক্ষ রাখতে হবে, যাতে কোনোভাবেই ভুল উত্তর না দেওয়া হয়। অনেকেই মনে করেন, প্রিলিমিনারি টেস্টে ৭০টি প্রশ্নের উত্তর সঠিক না হলে পাস করা যাবে না। বাস্তবে তা সঠিক নয়। প্রিলিমিনারি টেস্টে গড়ে ৬০টি প্রশ্নের উত্তর সঠিক হলেই যথেষ্ট। ক্যাডার নন-ক্যাডার সার্ভিস: বর্তমান সরকার সরকারি চাকরিতে নিয়োগ প্রদানের ক্ষেত্রে একটি ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তটি হলো: বিসিএস পরীক্ষার ভাইভা পর্যন্ত যারা উত্তীর্ণ হবেন, তাঁদের মধ্য থেকে বিভিন্ন ক্যাডার সার্ভিসে নিয়োগদানের পর অবশিষ্টদেরকে নন-ক্যাডার সার্ভিসে নিয়োগ দেওয়া হবে। সরকারের এ সিদ্ধান্তটি ২৮তম বিসিএস থেকেই কার্যকর হচ্ছে। ফলে ৩০তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য এটি একটা সুসংবাদ।