এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় ময়মনসিংহ, হবিগঞ্জ, সুনামগঞ্জ, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা ফলাফল ভালো করতে পারেননি। ময়মনসিংহে মাত্র একটি কলেজ (ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ) শতভাগ পাস করার গৌরব অর্জন করেছে। জেলায় ফলাফলের ভিত্তিতে এটিই সেরা প্রতিষ্ঠান। হবিগঞ্জে বৃন্দাবন সরকারি কলেজ, সুনামগঞ্জে সুনামগঞ্জ সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ সার কারখানা কলেজ, চাঁদপুরে আল আমিন স্কুল অ্যান্ড কলেজ ও শেরপুরে শেরপুর সরকারি কলেজ সেরা হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ময়মনসিংহ: বিভিন্ন কলেজ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ৪৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৪২ জন। এ ছাড়া

ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে ১ হাজার ১৭১ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেন ১ হাজার ১৬২ জন। পাসের হার ৯৯ দশমিক ২৩। ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজ ও মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ থেকে শতভাগ পাস করতে পারেনি। আনন্দ মোহন কলেজ থেকে ৭৬৪ জন অংশ নিয়ে ৬৩৯ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ১৪২ জন। মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ থেকে ৬৮৯ জন অংশ নিয়ে পাস করেছেন ৬৭০ জন। জিপিএ-৫ পেয়েছেন ২০০ জন। ময়মনসিংহ কমার্স কলেজ থেকে ৩০০ জন অংশ নিয়ে পাস করেছেন ২৫২ জন।
হবিগঞ্জ: হবিগঞ্জ জেলায় পাসের হার ও জিপিএ-৫-এর দিক দিয়ে ছাত্রীরা এগিয়ে। এ জেলায় মোট পাসের হার ৭৪ দশমিক ৫৪। জিপিএ-৫ পেয়েছেন ৭৪ জন। এর মধ্যে ৪৩ জন ছাত্রী ও ৩১ জন ছাত্র। ফলাফলে এবারও এ জেলার শ্রেষ্ঠত্ব দেখিয়েছে বৃন্দাবন সরকারি কলেজ। এ কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৩৩ জন। এঁদের মধ্যে পাস করেন ৯২২ জন। পাসের হার ৮৯ দশমিক ২৫। এর মধ্যে বৃন্দাবন কলেজ থেকেই জিপিএ-৫ পেয়েছেন ৪৮ জন শিক্ষার্থী।
সুনাগঞ্জ: সুনামগঞ্জ জেলায় পাসের হার ৭৫ দশমিক ২৬। জিপিএ-৫ এবং পাসের দিক থেকে জেলায় মেয়েরা এগিয়ে আছেন। জেলায় এবার জিপিএ-৫ পেয়েছেন ৫৪ জন। এর মধ্যে মেয়ে ৩৭ জন এবং ছেলে ১৭ জন। জেলায় সবচেয়ে ভালো করেছে সুনামগঞ্জ সরকারি কলেজ। এই প্রতিষ্ঠান থেকে ৯৯৫ জন পরীক্ষায় অংশ নিয়ে ৮০৮ জন পাস করেছেন। পাসের হার ৮১ দশমিক ২। জিপিএ-৫ পেয়েছেন ২৭ জন।
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম হয়েছে আশুগঞ্জ সার কারখানা কলেজ। এ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে ১৮৫ জন পাস করেছেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৪ জন।
চাঁদপুর: চাঁদপুর জেলায় এ বছর সেরা অবস্থানে আছে চাঁদপুর শহরের আল-আমিন স্কুল অ্যান্ড কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ৪৫৩ জন অংশ নিয়ে ৩৮২ জন পাস করেছেন। এর মধ্যে ৪০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। জেলায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চাঁদপুর সরকারি মহিলা কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ৯৬৪ জন অংশ নিয়ে ৬৪৪ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ২৭ জন। এদিকে জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজের ফলাফল সন্তোষজনক হয়নি। এ প্রতিষ্ঠান থেকে ৫৮৭ জন অংশ নিয়ে ২৫৯ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন মাত্র দুজন।
শেরপুর: শেরপুর জেলায় প্রথম হয়েছে শেরপুর সরকারি কলেজ। এই কলেজ থেকে ১ হাজার ২০৫ জন অংশ নিয়ে ৯০১ জন পাস করেছেন। পাসের হার ৭৪ দশমিক ৭৭। জিপিএ-৫ পেয়েছেন ১০৭ জন। জেলা প্রশাসন সূত্রে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, জেলা সদরের ১০টি কলেজের মধ্যে সাতটি, নালিতাবাড়ীর চারটির মধ্যে দুটি, নকলার দুটির মধ্যে একটি, শ্রীবরদীর দুটি এবং ঝিনাইগাতী উপজেলার তিনটি কলেজ থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পাননি।