প্রিয় পরীক্ষার্থীরা, রসায়ন দ্বিতীয় পত্র জৈব যৌগের বিক্রিয়া অনুশীলননির্ভর। জৈব যৌগের প্রস্তুত প্রণালি থেকে সবচেয়ে বেশি নম্বরের (৪ নম্বরের) প্রশ্ন করা হয়। এ প্রশ্ন বর্ণনানির্ভর হওয়ায় সহজে এর উত্তর দেওয়া যায়। প্রস্তুত প্রণালির নম্বরবণ্টন সাধারণত মূলনীতিতে ১ নম্বর থাকে। তাই মূলনীতি বিক্রিয়াসহ লিখতে হবে। চিত্রে ১ নম্বর, বর্ণনায় ২ নম্বর ও বিশোধনে থাকে ১ নম্বর। যেহেতু প্রতি অংশের জন্য আলাদা নম্বর থাকে, তাই কোনো অংশ না লিখলে সেই অংশের নম্বর দেওয়া হয় না। রসায়ন দ্বিতীয় পত্র বিক্রিয়ানির্ভর হওয়ায় প্রত্যেক প্রশ্নের উত্তরে প্রয়োজনীয় বিক্রিয়া দিতে হবে। বিক্রিয়া ছাড়া বর্ণনা লিখলে পুরো নম্বর পাওয়া যাবে না। বর্ণনা কম লিখে প্রয়োজনীয় বিক্রিয়া দিয়ে সংক্ষেপে ব্যাখ্যা বা বর্ণনা করলেও ভালো নম্বর পাওয়া যাবে। জৈব বিক্রিয়া শিক্ষার্থীরা সহজে ভুলে যায়। এ জন্য তোমাদের উচিত হবে বিক্রিয়ার কৌশলগুলো ভালোভাবে বুঝে মাঝেমধ্যে মনোযোগের সঙ্গে লিখে বারবার অনুশীলন করা। নামকরণ, গাঠনিক সংকেত ও সমানুতা নিয়ম বুঝে পড়তে হবে। রসায়ন দ্বিতীয় পত্রের জারক, বিজারক, নিরুদক ও আয়ন শনাক্তকরণের বিক্রিয়াগুলো ভালোভাবে বুঝে পড়তে হবে এবং বারবার লিখে অনুশীলন করতে হবে। তোমাদের অনেকে বিক্রিয়ার কৌশল না বুঝে মুখস্থ করার চেষ্টা করে, কিন্তু এটা সম্ভব নয়। পরীক্ষায় ভালো করতে হলে তোমাদের উচিত হবে, বিক্রিয়ার কৌশল ভালোভাবে বুঝে বারবার লিখে অনুশীলন করা।যেহেতু প্রতিটি প্রশ্নের বিকল্প প্রশ্ন থাকে, তাই প্রশ্ন নির্বাচনের ক্ষেত্রে তোমাদের যথেষ্ট গুরুত্ব দিতে হবে। সাধারণত প্রতিটি প্রশ্নের সঙ্গে ক, খ, গ, ঘ ... অংশ থাকে, তাই প্রতিটি প্রশ্ন পড়ে দেখতে হবে, কোন প্রশ্নটির সর্বাধিকসংখ্যক উত্তর তোমার ভালোভাবে জানা। বর্ণনানির্ভর প্রশ্ন অপেক্ষা ব্যাখ্যা, নামকরণ, গাঠনিক সংকেত, বিক্রিয়ানির্ভর প্রশ্নের সঠিক উত্তর দিলে বেশি নম্বর পাওয়া যায়। তবে এ ক্ষেত্রে যদি সঠিক উত্তর জানা না থাকে, তাহলে এ ধরনের প্রশ্নের উত্তর না দেওয়াই ভালো।