প্রিয় পরীক্ষার্থী, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজন অনুযায়ী অনুশীলন করবে।
প্রশ্ন নং-১: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এখানে ৪০টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। এর মধ্যে ২০টি যোগ্যতাভিত্তিক। যেমন—প্রশ্ন: ১. চরিত্রকে উন্নত করে— ক) শিক্ষা খ) জমি গ) মনুষত্ব ঘ) গৌরব। উত্তর: ১. গ) মনুষত্ব
প্রশ্ন নং-২: শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দগুলোর উত্তর লেখো। এখানে ১০টি খালিঘর সংবলিত বাক্য থাকবে। প্রশ্নের নির্দেশনা অনুযায়ী কেবল প্রশ্ন ক্রমিক লিখে তার পাশে প্রযোজ্য শব্দ/শব্দাংশ লিখলেই পূর্ণ নম্বর পাওয়া যাবে। যেমন—
প্রশ্ন: (ক) পিতা-মাতাকে—করতে হবে।
উত্তর: (ক) শ্রদ্ধা
পুরো বাক্যটি উত্তরপত্রে তুলে প্রযোজ্য ‘শব্দ বা শব্দাংশ’ লিখে তার নিচে আন্ডারলাইন করেও উত্তর লিখতে পারো। যেমন—
প্রশ্ন: (ক) — করার মনোভাবকে বলে পরোপকার।
উত্তর: (ক) পরের মঙ্গল করার মনোভাবকে বলে পরোপকার।
প্রশ্ন নং-৩: ১০টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের নম্বর ১। শুধু দু-একটি বাক্যে সঠিক উত্তরটি লিখলেই পূর্ণ নম্বর পাওয়া যাবে। অপ্রাসঙ্গিক কিছু লিখবে না।
প্রশ্ন নম্বর-৪: মোট ১০টি কাঠামোবদ্ধ প্রশ্ন থাকবে। এর মধ্যে ক, খ ও গ নম্বর প্রশ্নসহ যেকোনো ৮টি প্রশ্নের উত্তর দিতে হবে। ক, খ ও গ যোগ্যতাভিত্তিক প্রশ্ন, যার উত্তর অবশ্যই দিতে হবে। প্রতিটি প্রশ্নের যথার্থ ও প্রাসঙ্গিক উত্তরের জন্য পাঠ্যবইয়ের প্রতিটি বিষয়বস্তু বুঝবে এবং এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নিকট পরিবেশের একাধিক বিষয়ের যুক্তিনির্ভর ব্যাখ্যা লেখার চেষ্টা করবে।
শিক্ষক, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা

পরামর্শ
সন্তানকে সহায়তা করুন প্রস্তুতিতে
কর্নেল নুরন্ নবী (অব.)
অধ্যক্ষ, মাইলস্টোন স্কুল, ঢাকা।
জীবনের প্রথম পরীক্ষাটি শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অভিভাবকদের সচেতন থাকতে হবে। পড়ার সময় সন্তানকে সহায়তা করবেন। পড়ার বিষয়, লেখার সময়, পরীক্ষা এবং হলের অন্যান্য বিষয় নিয়ে তার সঙ্গে ইতিবাচক কথা বলুন। যদি মনে করেন, আপনার সন্তানের মনে পরীক্ষা নিয়ে ভয় রয়েছে, কথা বলে তা কাটিয়ে তোলার চেষ্টা করুন। ঋতু বদলের কারণে সন্তানের শরীর সুস্থ রাখতে সতর্ক হোন। পরীক্ষা-সংশ্লিষ্ট সব বিষয়ে অভিভাবকেরা একটু বেশি খেয়াল রাখবেন। কোনো বিষয়ে তার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না।
সন্তানের মনে কোনো ধরনের মানসিক চাপ দেবেন না। পরীক্ষার্থীর মনে হতাশা আসে—এ রকম আচরণ থেকেও বিরত থাকবেন। মনে রাখবেন, আপনার সন্তানের স্বপ্নের প্রধান কারিগর আপনি। সন্তানকে উত্সাহ দিয়ে, সাহস দিয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে সহায়তা করুন।