জয় হোক গণিতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের ২৪টি আঞ্চলিক উৎসব ২৩ জানুয়ারি ২০১৫ শেষ হয়েছে। প্রচণ্ড শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে গণিতের প্রতি গভীর ভালোবাসায় উৎসবে যোগ দেয় খুদে গণিতবিদেরা। টাঙ্গাইল, নরসিংদী ও ঢাকার উৎসবে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত। গণিত নিয়ে বড়দের মুখে যে ভীতির কথা শুনি, অনুষ্ঠানে যোগদানকারী ছেলেমেয়েদের দেখে মনেই হয়নি যে তাদের মনে গণিত নিয়ে কোনো ভয় আছে। বরং গণিত ‘করব জয়’ গানে গানে যে আত্মবিশ্বাস তাদের চোখে-মুখে ফুটে ওঠে, তাতে এ দেশে গণিত ও গণিতের মাধ্যমে শিক্ষা নিয়ে আমি আশান্বিত। এই অনুষ্ঠানগুলোতে যারা অংশ নিয়েছে এবং যারা পদক জিতে জাতীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছে, তাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। জাতীয় উৎসবে তাদের সাফল্য এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ দলের সাফল্যের জন্য রইল আমাদের সবার শুভেচ্ছা।
গণিত অলিম্পিয়াড গণিতের প্রতি শিক্ষার্থীদের আগ্রহান্বিত করে তোলার এক অনন্য অনুষ্ঠান। তবে শুধু পদক বিতরণ বা পদক জেতার মধ্যে এই প্রচেষ্টাকে সীমাবদ্ধ না রেখে যদি আমরা এ দেশের শিক্ষার মান উন্নত করতে পারি, তবেই হবে অলিম্পিয়াডের সার্থকতা। আর এ জন্য প্রয়োজন সকল পর্যায়ের গণিত শিক্ষক ও গণিতপ্রেমী নাগরিকের সহযোগিতা ও সদিচ্ছা। জয় হোক গণিতের। জয় হোক আমাদের সোনার বাংলার।