টাইমস্কেল ফেরতের পত্র বাতিল চান প্রাথমিকের শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি থেকে সরকারি হওয়া প্রাথমিক শিক্ষকদের ‘টাইম স্কেল’-এর সুবিধা ফেরত দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের জারি করা পত্র বাতিলের দাবি জানিয়েছে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট
ছবি: সংগৃহীত

বেসরকারি থেকে সরকারি হওয়া প্রাথমিক শিক্ষকদের ‘টাইম স্কেল’-এর সুবিধা ফেরত দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের জারি করা পত্র বাতিলের দাবি জানিয়েছে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট। সংগঠনটি বলছে, পৌনে আট বছর পর শিক্ষকদের ভোগ করা টাইমস্কেল ফেরত দিতে ‘অন্যায়ভাবে’ গত ১২ আগস্ট এই পত্র জারি করা হয়।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই দাবি জানিয়েছে সংগঠনটি। দাবিদাওয়া তুলে ধরে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক আমিনুল ইসলাম চৌধুরী।

২০১৩ সালের জানুয়ারিতে দেশের ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় এসব বিদ্যালয়ের ১ লাখ ৪ হাজার ৭৭২ জন শিক্ষক সরকারি হন। অর্থ মন্ত্রণালয়ের জারি করা পত্রের কারণে এই শিক্ষকদের মধ্যে থেকে ৪৮ হাজার ৭২০ জন শিক্ষক আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলন বলা হয়, ১০ সেপ্টেম্বরের মধ্যে এই ‘আমলাতান্ত্রিক জটিলতা’ নিরসন না করা হলে ১৭ সেপ্টেম্বর ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষকনেতা আবদুর রহমান, শেখ আবদুস সালাম, মহিউদ্দিন খোন্দকার, মাহবুবুল আলম প্রমুখ।