কুমিল্লার বুড়িচং উপজেলার প্রত্যন্ত এলাকার সোনার বাংলা কলেজ থেকে এইচএসসিতে এবারও শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। এই নিয়ে টানা পাঁচবার এই কলেজ থেকে শতভাগ পরীক্ষার্থী পাস করলেন।
গতকাল বৃহস্পতিবার এইচএসসির ফলাফল ঘোষণার পর কলেজটির শিক্ষার্থীরা উল্লাসে মেতে ওঠেন। কলেজ সূত্র জানায়, এবারের এইচএসসি পরীক্ষায় কলেজটি থেকে ৩১৯ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৯১ জন। বিজ্ঞান বিভাগে ১১৮ জনের মধ্যে ৭২ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ১১৫ জনের মধ্যে ১৫ জন এবং মানবিকে ৯৬ জনের মধ্যে ৪ জন জিপিএ-৫ পেয়েছেন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বলেন, এ বছর বোর্ড থেকে আটটি কলেজের শতভাগ পরীক্ষার্থী পাস করেছেন। এর মধ্যে পরীক্ষার্থী, পাসের হার ও জিপিএ-৫ বিবেচনায় সোনার বাংলা কলেজের অবস্থান সবার ওপরে।
কলেজটির উপাধ্যক্ষ মাসুদ পারভেজ বলেন, ২০১৫ সালে এই কলেজ থেকে ৩৬০ জন পরীক্ষা দিয়ে ১২৭ জন জিপিএ-৫ পান। ২০১৪ সালে ৩৩৭ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছেন ১৩৩ জন। ২০১৩ সালে ৩০২ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পান ৬৭ জন। ২০১২ সালে ২৫৮ জন পরীক্ষা দিয়ে ৬০ জন জিপিএ-৫ পেয়েছেন।
কলেজ সূত্র জানায়, ২০০০ সালে ভরাসার ইউনিয়নের পয়াত গ্রামে ২ দশমিক ১৮ একর জায়গা নিয়ে কলেজটি প্রতিষ্ঠা করা হয়। কলেজটিতে ১ হাজার ৩০০ জন শিক্ষার্থী, ৩৭ জন শিক্ষক ও ৮ জন কর্মচারী রয়েছেন। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে কলেজটিতে ইংরেজি, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগে স্নাতক (সম্মান) কোর্স চালু হয়। এই কলেজে ‘হাউস অব উইজডম’ নামের দ্বিতলবিশিষ্ট একটি ছাত্রাবাস রয়েছে। এতে ১০৫ জন শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা রয়েছে।
কলেজের নথিপত্র ঘেঁটে দেখা যায়, বোর্ডে আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটি অন্তত ১০ বার চ্যাম্পিয়ন, বিভাগীয় পর্যায়ে একবার চ্যাম্পিয়ন ও সাতবার রানারআপ হয়েছে। এ ছাড়া ভলিবল প্রতিযোগিতায়ও একাধিকবার চ্যাম্পিয়ন ট্রফি পেয়েছে। এ বছর প্রতিষ্ঠানটি জেলার শ্রেষ্ঠ কলেজের স্বীকৃতি পেয়েছে।
অধ্যক্ষ সেলিম রেজা বলেন, ‘কঠোর নিয়মশৃঙ্খলা, ব্যবস্থাপনা কমিটির নজরদারি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার কারণে এমন সাফল্য অর্জন অব্যাহত রয়েছে।’