টিকটকের প্রধান নির্বাহী সরে দাঁড়ালেন
ভিডিও শেয়ারের প্ল্যাটফর্ম টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন মায়ার কোম্পানি থেকে সরে দাঁড়ালেন। টিকটকে যোগ দেওয়ার মাত্র তিন মাসের কম সময়ে তিনি পদ ছাড়লেন। তাঁর পদে অন্তর্বর্তীকালীন ভিত্তিতে দায়িত্ব পালন করবেন টিকটক যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপক ভ্যানেসা পাপ্পাস। অভ্যন্তরীণ নথির তথ্য উল্লেখ করে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নির্বাহী আদেশের বিরুদ্ধে টিকটকের মামলা করার কয়েক দিনের মধ্যেই কেভিনের সরে দাঁড়ানোর ঘোষণা এল। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি এক নির্বাহী আদেশে টিকটকের আর্থিক লেনদেনে নিষেধাজ্ঞা জারি করেন।
অন্য এক খবরে জানানো হয়, টিকটক ভারতের সাবেক ব্যবস্থাপক রাজ মিশ্র বিনোদন প্ল্যাটফর্ম ট্রিলারের কান্ট্রি ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি টিকটক ভারতের প্রথম কর্মী ছিলেন।
১ জুন টিকটকে যোগ দেওয়ার আগে ওয়াল্ট ডিজনির স্ট্রিমিং বিভাগের শীর্ষ নির্বাহী ছিলেন মেয়ার। ওই সময় তাঁকে টিকটকের মূল প্রতিষ্ঠান চীনা বাইটড্যান্সের প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবেও দায়িত্ব দেওয়া হয়।
মেয়ার এক চিঠিতে লিখেছেন, ‘সাম্প্রতিক সপ্তাহে রাজনৈতিক পরিবেশের ব্যাপক পরিবর্তন হয়েছে। করপোরেট কাঠামোগত কী ধরনের পরিবর্তন দরকার ও এর বৈশ্বিক দায়িত্বের উল্লেখযোগ্য প্রতিফলন করেছি। এসব পেছনে ফেলে সমস্যার দ্রুত সমাধানের আশা করছি আমরা। খুব দুঃখজনক ভাবে আমি জানাচ্ছি যে আমি টিকটক ছেড়ে দিচ্ছি।’
টিকটকের পক্ষ থেকেও মেয়ারের কোম্পানি ছাড়ার বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, গত কয়েক মাসে রাজনৈতিক পটভূমিতে মেয়ারের ভূমিকা রাখার সুযোগে ব্যাপক পরিবর্তন এসেছে ।
বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ঝ্যাং ওয়ায়িমিং পৃথক এক চিঠিতে বলেছেন, কোম্পানি দ্রুত সমস্যার সমাধান খুঁজতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে ভারত ও যুক্তরাষ্ট্রে যে সমস্যায় পড়েছে, তার সমাধান খুঁজতে চেষ্টা করছে টিকটক।
ঝ্যাং বলেন, মেয়ার যে পদে এসেছিলেন, তা চ্যালেঞ্জিং ছিল। কোম্পানি যেখানে ছিল সেখান থেকে দ্রুত সবকিছু পরিবর্তন হচ্ছিল । নেতৃত্বে এসে তা মানিয়ে নেওয়া কঠিন। তাঁর আসার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছিল।
বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে, চীনের জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে হস্তগত করতে চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। এ জন্য ৪৫ দিন সময় বেঁধে দিয়েছেন তিনি। এর মধ্যে যেকোনো মার্কিন প্রতিষ্ঠানের কাছে এগুলোকে বিক্রি হতে হবে।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে টিকটকের নির্মাতা প্রতিষ্ঠান বাইটড্যান্স কোনো রকম অর্থনৈতিক লেনদেন করতে পারবে না। জাতীয় নিরাপত্তার সুরক্ষার জন্য টিকটকের মালিকদের বিরুদ্ধে আগ্রাসী পদক্ষেপ নিতে হবে। ৪৫ দিনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে বাইটড্যান্সের অর্থনৈতিক লেনদেন নিষিদ্ধ।
টিকটকের পক্ষ থেকে চীন সরকারের সঙ্গে তথ্য বিনিময় বা চীনা নিয়ন্ত্রণের কোনোরূপ অভিযোগ অস্বীকার করা হয়েছে।
টিকটককে কেনার দৌড়ে রয়েছে মাইক্রোসফট ও ওরাকল।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওয়াশিংটনের পক্ষ থেকে টিকটকের মার্কিন অপারেশন পুরোপুরি কেনার জন্য মাইক্রোসফটের ওপর চাপ দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট করপোরেশনের পক্ষ থেকে বলা হয়, তারা জনপ্রিয় সংক্ষিপ্ত ভিডিও তৈরির অ্যাপ টিকটককে বাইটড্যান্সের কাছ থেকে কিনে নেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে এ চুক্তি সম্পন্ন করে ফেলতে চায় তারা। ১৫ সেপ্টেম্বরের মধ্যে কোনো মার্কিন কোম্পানি যদি টিকটককে কিনে নিতে ব্যর্থ হয়, তবে মার্কিন প্রেসিডেন্ট টিকটককে নিষিদ্ধ করার কথা বলেছেন।