টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমএসসিতে ভর্তি
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ২০১১-১২ শিক্ষাবর্ষে এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষার্থী ভর্তি করবে। আবেদন করতে হবে ২১ জুলাই থেকে ৪ আগস্টের মধ্যে। ইয়ার্ন, ফ্যাব্রিক, ওয়েট প্রসেসিং, অ্যাপারেলে চারটি বিভাগে মোট ৬০টি আসনের বিপরীতে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। এই কোর্সে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের যেকোনো স্বীকৃত সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন টেক্সটাইল টেকনোলজি বা সমমানের কোর্সে প্রথম শ্রেণী বা সমতুল্য জিপিএ নিয়ে পাস করতে হবে। এই কোর্সে ভর্তির আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখা থেকে ১০০০ টাকা দিয়ে সংগ্রহ করতে হবে। আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শাখায় জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে সব পরীক্ষার নম্বরপত্র, সনদের সত্যায়িত কপি, সর্বশেষ পরীক্ষার প্রশংসাপত্র এবং পাসপোর্ট সাইজের তিন কপি ছবি জমা দিতে হবে। ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা ও প্রবেশপত্র দেওয়া হবে ১১ আগস্ট। ভর্তি পরীক্ষা ১৯ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় বিভাগীয় বিষয় থেকে ৬০ নম্বর, ইংরেজি থেকে ১০ নম্বর এবং অন্যান্য টেক্সটাইল বিষয় থেকে ৩০ নম্বর মিলে মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।