ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চমাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করে আসছে। এ বৃত্তি নির্দিষ্ট শিক্ষা কার্যক্রমের পূর্ণ মেয়াদের জন্য প্রযোজ্য। এ ছাড়া ফাউন্ডেশন দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে এমফিল ডক্টরেট ও পোস্ট ডক্টরেট পর্যায়ে গবেষণার জন্য ফেলোশিপ প্রদান করবে। যোগ্যতা: ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশন বৃৃত্তি প্রদান কর্মসূচির আওতায় দেশের মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রী, যাঁরা ২০০৯ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদের মধ্যে ন্যূনতম যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে। ছয়টি সিটি করপোরেশন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের চতুর্থ বিষয় বাদে ন্যূনতম জিপিএ-৪.৮০ (বিজ্ঞান), জিপিএ ৪.৭০ (অন্যান্য বিভাগ) থাকতে হবে। আর সিটি করপোরেশন এলাকার বাইরের শিক্ষার্থীদের জিপিএ ৪.৪০ (বিজ্ঞান) ও জিপিএ ৪.৩০ (অন্যান্য) পেতে হবে।বৃত্তির পরিমাণ ও সময়কাল: মাসিক দুই হাজার টাকা হারে এবং বার্ষিক পাঠ্য উপকরণ অনুদান বাবদ পাঁঁচ হাজার টাকা এককালীন প্রদান করা হবে। স্নাতক স্তরে দুই থেকে পাঁচ বছর (নবায়নযোগ্য) মেয়াদের জন্য এ বৃত্তির সুবিধা পাবেন নির্বাচিতরা। দরকারি তথ্য: ১. সন্তোষজনক ফলের ভিত্তিতে অধ্যক্ষ/প্রতিষ্ঠানপ্রধানের সুপারিশেই কোনো নির্দিষ্ট কোর্সের সমুদয় সময়ের জন্য বার্ষিক ভিত্তিতে এ বৃত্তি নবায়ন করা হবে। ২. যেসব ছাত্রছাত্রী অন্য কোনো উত্স থেকে বৃত্তি পাচ্ছেন, তাঁরা ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশন বৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। তবে কেউ যদি সেই বৃত্তি পরিত্যাগ করেন, তিনি এই বৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। ৩. ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্তরা অন্য কোনো বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না। অন্য কোনো বৃত্তি গ্রহণ করতে হলে তাঁদের এ বৃত্তি পরিত্যাগ করতে হবে। কাগজপত্র: ১. বর্তমানে অধ্যয়নরত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান/বিভাগীয় প্রধানের সুপারিশ, মার্কশিট, সার্টিফিকেটের সত্যায়িত কপি। ২. চার কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি। ৩. অভিভাবকের আয়ের সনদ। আবেদনপত্র সংগ্রহ ও জমা: বৃত্তির জন্য নির্ধারিত আবেদনপত্র ডাচ্-বাংলা ব্যাংকের সব শাখা থেকে সংগ্রহ করা যাবে। যেখানে ব্যাংকের শাখা নেই, সেখানে আবেদনকারী সাদা কাগজে পূর্ণ জীবনবৃত্তান্ত ও যোগাযোগের ঠিকানা উল্লেখপূর্বক আবেদন করতে পারবেন। আবেদনপত্র ১৮ মার্চের মধ্যে পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: প্রধান কার্যালয়, ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশন, ৪৭ মতিঝিল বা/এ (নিচতলা), ঢাকা।সাইদ আরমান