ডিআইএ-র বিরুদ্ধেই দুর্নীতির পঙ্কিলে নিমজ্জিত হওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক
ছবি: সংগৃহীত

সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ এবং দুর্নীতি প্রতিরোধে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ও অধীন দপ্তর-সংস্থার অভিযোগ বাক্সগুলো সচল করার নির্দেশ দিয়েছেন ওই বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক। তিনি বলেন, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) বিরুদ্ধে দুর্নীতির পঙ্কিলে নিমজ্জিত হওয়ার অভিযোগ করেছে দুদক।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে করণীয় ঠিক করতে আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় সভাপতির বক্তব্যে সচিব আবু বকর ছিদ্দীক এই নির্দেশ দেন। সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানেরা উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি এ কথা বলা হয়।

সচিব বলেন, অভিযোগ বাক্সের চাবি থাকবে অফিস প্রধানের কাছে। তিনি মাসে একবার সেগুলো খুলবেন এবং খোলার পর সেগুলো না পড়ে সবার আগে রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। পরে প্রতি মাসে অভিযোগের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা বিভাগের মাসিক সমন্বয় সভায় আলোচনা করা হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিভিন্ন দপ্তর ও সংস্থার দুর্নীতির বিষয়ে দুদকের দেওয়া প্রতিবেদনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে আবু বকর ছিদ্দীক বলেন, বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক এবং প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির তথ্য উদ্‌ঘাটনের দায়িত্ব পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ)। মূলত এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির পঙ্কিলে নিমজ্জিত হওয়ার অভিযোগ করেছে দুদক। গত ১০ বছরে দুর্নীতি অনুসন্ধানে এ প্রতিষ্ঠান কার্যকর কী পদক্ষেপ নিয়েছে, তার প্রতিবেদন দিতে নির্দেশ দেন তিনি।

এ ছাড়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কোনো কর্মকর্তা বেনামে ঠিকাদারির সঙ্গে জড়িত কি না, সেই তথ্য জানতে চেয়েছেন সচিব। পাশাপাশি পাঠ্যপুস্তক মুদ্রণের দরপত্র প্রক্রিয়া, পাঠ্যবইয়ের পাণ্ডুলিপি কিছু প্রকাশকের কাছে অননুমোদিতভাবে সরবরাহসহ অবৈধ কোচিং–বাণিজ্য বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সচিব।