ঢাকা অঞ্চলে চ্যাম্পিয়ন জাহাঙ্গীরনগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির তিন সদস্য
বিজয়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির তিন সদস্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্ত মঞ্চে সেদিন যুদ্ধ বেধেছিল! তবে এ যুদ্ধে ঢাল-তলোয়ার ঝনঝনিয়ে বাজেনি। গায়ে কাঁটা দেওয়ার মতো ‘কী ভয়ানক লড়াই’ও হয়নি। সেদিন তর্কযুদ্ধে নেমেছিলেন কয়েক দল তরুণ। তাঁরা বিতর্ক করেছেন তথ্যপ্রযুক্তি নিয়ে।
৪ ডিসেম্বর ‘জাতীয় তথ্যপ্রযুক্তি বিতর্ক উৎসব-২০১৫’ শীর্ষক আয়োজনে অংশ নেয় নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ, মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজ, মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজ, সাভারের এনাম মেডিকেল কলেজ, হামদর্দ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল। আরও ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং অর্গানাইজেশন (জুডো) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।
‘তথ্যপ্রযুক্তি বিলাসিতা নয়, প্রয়োজন’—এই ছিল প্রতিপাদ্য। গ্রুপ পর্বে আটটি দলের বিতর্ক শেষে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জেইউডিএস) ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল। যুক্তির জোরে শেষ হাসি হাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। বিজয়ী দলের সদস্যরা হলেন এহসানুর রহমান, আদিব রহমান ও মাহবুবুল ইসলাম।
বিজয়ী দলের এহসানুর বলেন, ‘চ্যাম্পিয়ন হতে পেরে ভীষণ ভালো লাগছে। এর আগে আমরা নানা বিষয় নিয়ে বিতর্ক করেছি। এবারই প্রথম তথ্যপ্রযুক্তিকে বিষয় করে বিতর্ক করলাম।’
উৎসব শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন তথ্যপ্রযুক্তি বিভাগের উপসচিব সৈয়দ মজিবুল হক। চ্যাম্পিয়ন দলের প্রত্যেক সদস্যকে দেওয়া হয়েছে একটি করে ল্যাপটপ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা, আইআইটির পরিচালক অধ্যাপক কে এম আক্কাস আলী ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের প্রতিনিধি প্লাবন গাঙ্গুলী। আঞ্চলিক পর্বে চ্যাম্পিয়ন ও রানারআপ দুটি দলই জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পাবে। এর আগে ৩ ডিসেম্বর রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে উদ্বোধন হয় ‘জাতীয় তথ্যপ্রযুক্তি বিতর্ক উৎসব-২০১৫’। উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
দেশের ৬৪টি জেলার শীর্ষস্থানীয় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ১৬টি অঞ্চলে অনুষ্ঠিত হবে এ বিতর্ক উৎসব। ‘তথ্য-যুক্তি-প্রযুক্তি’ স্লোগানে উৎসব আয়োজন করছে বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন, বাংলাদেশ ডিবেট ফেডারেশন এবং ক্যাম্পাস টু ক্যারিয়ার। সহযোগী হিসেবে রয়েছে টেকশহর ডট কম, মনাশ ইউনিভার্সিটি, অক্সফাম ও প্র্যাকটিক্যাল অ্যাকশন।