ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময় শেষ কাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদনপ্রক্রিয়া আগামীকাল রোববার দুপুর দুইটায় শেষ হচ্ছে। ওই সময় পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে (http://www.du.ac.bd/admission) প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আবেদনপ্রক্রিয়া শেষ করবেন।
আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরেরর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৪ আগস্ট বৃহস্পতিবার এই আবেদন প্রক্রিয়া শুরু হয়। আগামী ৫ সেপ্টেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ-ইউনিটের পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। বিজ্ঞান অনুষদভুক্ত ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ সেপ্টেম্বর, কলা অনুষদের খ-ইউনিটের ১৯ সেপ্টেম্বর, শাখা পরিবর্তনের জন্য ঘ-ইউনিটের ২৬ সেপ্টেম্বর এবং চারুকলা অনুষদভুক্ত চ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।