ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৯তম সমাবর্তন মঙ্গলবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৯তম সমাবর্তন আগামী মঙ্গলবার। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এটি অনুষ্ঠিত হবে। এবার মোট ৬ হাজার ১০৪ জন বিভিন্ন ডিগ্রি পাচ্ছেন।

আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। উপাচার্য কার্যালয়-সংলগ্ন লাউঞ্জে এই সংবাদ সম্মেলন হয়।

উপাচার্য জানান, ডিগ্রিপ্রাপ্তদের মধ্যে পিএইচডি পাবেন ৪২ জন, এমফিল ২০ জন, স্বর্ণপদক ২৯, এমডি, এমএস ৪৯ জন, স্নাতক ৩ হাজার ১৬০ জন, স্নাতকোত্তর ৫৬৫ জন, এমবিবিএস ১ হাজার ৬২৫ জন, বিডিএস ৩১৯ জন, নার্সিং ও ফিজিওথেরাপি ১৮৬ জন এবং হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক ডিগ্রি পাবেন ১০৯ জন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাবর্তনের আনুষ্ঠানিকতা শুরু হবে বেলা ১১টা ৫৫ মিনিটে। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সেখানে সভাপতিত্ব করবেন। এ বছর সমাবর্তন বক্তব্য দেবেন জেনেভাভিত্তিক মেধাস্বত্ব সংগঠন ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের (ডব্লিউআইপিও) মহাপরিচালক ফ্রান্সিস গারি। সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি দেওয়া হবে।

উপাচার্য জানান, ফ্রান্সিস গ্যারি অস্ট্রেলিয়ার একজন আইনজীবী। তিনি দীর্ঘদিন অনুন্নত দেশগুলোতে প্রযুক্তিগত উন্নয়নের জন্য কাজ করে আসছেন। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল সোমবার বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তন অনুষ্ঠানের মহড়া অনুষ্ঠিত হবে।