ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু ১৬ আগস্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ সালের প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে আবেদনপত্র ছাড়া হবে ১৬ আগস্ট থেকে। আর এ আবেদনের শেষ সময় ১৫ সেপ্টেম্বর।আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় আবেদন করার সময় এবং বিভিন্ন অনুষদের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের পরবর্তী সভায় এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।ডিনস কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিজ্ঞান অনুষদের (ক ইউনিট) পরীক্ষা ১০ অক্টোবর। এ ছাড়া কলা অনুষদ (খ ইউনিট) ২১ অক্টোবর, বাণিজ্য অনুষদ (গ ইউনিট) ২৮ অক্টোবর, বিভাগ পরিবর্তনের জন্য (ঘ ইউনিট) পরীক্ষা ২৮ নভেম্বর ও চারুকলা অনুষদের (চ ইউনিট) পরীক্ষা ২৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ডিনস কমিটির সভায় নির্ধারিত তারিখগুলোর ব্যাপারে সিন্ডিকেটের পরবর্তী সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও জানান, লেদার টেকনোলজির পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের পরীক্ষার সঙ্গে অনুষ্ঠিত হবে।ডিনস কমিটির সভায় অন্যদের মধ্যে সহ-উপাচার্য হারুন-অর-রশিদ, বিভিন্ন অনুষদের ডিন ও ভর্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সবাই উপস্থিত ছিলেন।