ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী: শিল্প-একাডেমিয়া সহযোগিতা জোরদারের প্রত্যয়
নানা আয়োজনে পালিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠার ১০২তম বছরে এসে গবেষণা ও উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শিল্প-একাডেমিয়া সহযোগিতা জোরদারের প্রত্যয় ব্যক্ত করেছে কর্তৃপক্ষ। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ‘গবেষণা ও উদ্ভাবন: ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা’৷ আগামী অক্টোবরে বিশ্ববিদ্যালয়ে গবেষণা-প্রকাশনা মেলা আয়োজনের কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
আজ ১ জুলাই ১০২তম বছরে পা দিয়েছে দেশের সবচেয়ে প্রাচীন এই বিশ্ববিদ্যালয়। ব্রিটিশ শাসনামলে ১৯২১ সালের ১ জুলাই ৮৪৭ শিক্ষার্থী, ৩টি অনুষদ ও ১২টি বিভাগ নিয়ে যাত্রা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের। পূর্ববঙ্গ তথা বর্তমান বাংলাদেশে একটি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণির বিকাশে এই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে আলোকসজ্জা করা হয়। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের সব হল ও হোস্টেল থেকে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের শোভাযাত্রা বের হয়। তাঁরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমবেত হন। সেখানে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান হয়। জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয় ও হলগুলোর পতাকা উত্তোলন, পায়রা ওড়ানো, কেক কাটা এবং সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে থিম সং পরিবেশনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ, সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নিজামুল হক ভূঁইয়া, অনুষদগুলোর ডিন, ইনস্টিটিউটগুলোর পরিচালক, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভাগের প্রধানসহ কর্মকর্তা কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।
সূচনা বক্তব্যে উপাচার্য মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে যাঁরা অবদান রেখেছেন, তাঁদের সবার প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর যে প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে, তা একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়—ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শতকে পদার্পণ করে কোন দিকনির্দেশনা লাভ করবে। এর মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয়কে দ্বিতীয় শতকের উপযুক্ত হিসেবে গড়ে তোলা ও বিশেষ করে পরবর্তী এক শতকে এই বিশ্ববিদ্যালয়কে নির্মাণের প্রাথমিক যে ধাপ রয়েছে, সেই ধাপের সূচনা করার অঙ্গীকার আমরা ব্যক্ত করি।
শিল্পের চাহিদা মোতাবেক জাতির উন্নয়নের সহায়ক উদ্ভাবন ও গবেষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিচালিত হবে এবং এর মধ্য দিয়ে উপমহাদেশে খ্যাতিমান ঢাকা বিশ্ববিদ্যালয় যে অবদান রেখে আসছে, সেই ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে বলে জানান উপাচার্য৷ তিনি আরও বলেন, আগামী ২২ ও ২৩ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো গবেষণা-প্রকাশনা মেলা অনুষ্ঠিত হবে। জাতি ও শিল্পের চাহিদা পূরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা তৈরি হচ্ছে।
এরপর উপাচার্যের নেতৃত্বে কেন্দ্রীয় খেলার মাঠ থেকে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) পর্যন্ত একটি শেভাযাত্রা হয়। বেলা ১১টায় টিএসসি মিলনায়তনে ‘গবেষণা ও উদ্ভাবন: ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা’ শীর্ষক আলোচনা সভা হয়। উপাচার্যের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ।
কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে (বিজ্ঞান, সমাজবিজ্ঞান, কলা ও অন্যান্য) অনেক ব্যুরো ও গবেষণাকেন্দ্র আছে। তবে সাধারণত এগুলো অর্থায়ন, জনবল এবং গবেষণা উপকরণ ও যন্ত্রপাতির দিক থেকে অনেক দুর্বল। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুসন্ধানের মাধ্যমে গবেষণা ও উদ্ভাবনে আগ্রহী কোম্পানি ও শিল্প চিহ্নিত করা গেলে বিদ্যমান কেন্দ্রগুলোর মধ্যে উপযুক্ত কেন্দ্রের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়-শিল্প খাত সহযোগিতা কার্যক্রম শুরু করা যেতে পারে। এটি এগিয়ে নিতে উৎসাহ দেওয়ার জন্য নীতিগত-আইনি কাঠামো, আর্থিক প্রণোদনার ব্যবস্থা এবং অনুকূল পারিপার্শ্বিকতা গড়ে তোলার জন্য সরকারি উদ্যোগ ও সমর্থন জরুরি হবে। শিল্পগুলোকে গবেষণা ও গবেষকদের উদ্ভাবন কার্যক্রমে নিজেদের এবং দেশের স্বার্থে যুক্ত হওয়ার জন্য এগিয়ে আসতে হবে। নাগরিক সমাজও এই প্রক্রিয়া সমৃদ্ধ ও দৃঢ়করণে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ভূমিকা রাখতে পারে।
মূল প্রবন্ধে আরও বলা হয়, ‘সফলতার সঙ্গে এগিয়ে যেতে হলে দেশে আর্থসামাজিক বিভিন্ন খাতের জন্য বিভিন্ন পর্যায়ের প্রয়োজনীয় দক্ষ জনবল গড়ে তোলা জরুরি, বিশ্বমানের দক্ষতার প্রয়োজন হবে, যদি আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যগুলোর দিকে সাবলীলভাবে এগিয়ে যেতে চাই এবং একই সঙ্গে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলতে চাই। তাহেল এখানে বিশ্ববিদ্যালয়গুলোর সামর্থ্য বৃদ্ধি জরুরি৷ শুধু বিশ্বপরিমণ্ডল থেকে জ্ঞান ও বিশ্লেষণ সংগ্রহ করে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করার ক্ষেত্রেই নয়; বরং দেশের বাস্তবতার আলোকে প্রয়োজনীয় জ্ঞান ও উদ্ভাবন উন্নতমানের গবেষণার মাধ্যমে সৃষ্টি করতে হবে। দেশে বর্তমানে ৫১টি সরকারি এবং ১০৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। কিন্তু শিক্ষার মান নিয়ে প্রশ্ন রয়েছে। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা মূলত অবহেলিত রয়ে গেছে।’
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের দুই সহ-উপাচার্য ছাড়াও বক্তব্য দেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী, সিনেট সদস্য সাদ্দাম হোসেন প্রমুখ।