ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের পুনর্মূল্যায়িত ফল প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার পুনর্মূল্যায়িত ফলাফল আজ বুধবার ভোরে প্রকাশ করা হয়েছে। বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।গত ২৮ অক্টোবর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আটটি বিভাগের অধীনে ৯৮০টি আসনের বিপরীতে ৩৭ হাজার ৪৮৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন। গত ৩১ অক্টোবর সোমবার ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। ফল প্রকাশের পর থেকে শত শত শিক্ষার্থী উত্তরপত্রে অসংগতির অভিযোগ তোলেন। এর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ ফলাফল পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয়। বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ বলেন, ‘প্রথম প্রকাশিত ফলাফলে ভুল হওয়ায় পুনর্মূল্যায়ন করে তা প্রকাশ হয়েছে।’‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার পুনর্মূল্যায়িত ফলাফলে পাস করা শিক্ষার্থীর সংখ্যা আগের তুলনায় বেড়েছে। প্রথম প্রকাশিত ফলাফলে দুই হাজার ৭২৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। তবে পুনর্মূল্যায়িত ফলাফলে ছয় হাজার ৯৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার পুনর্মূল্যায়িত ফলাফল http://gaunit.univdhaka.edu ঠিকানায় পাওয়া যাবে।এ ছাড়া মেধা তালিকায় স্থান পাওয়া প্রথম থেকে ১২০০তম প্রার্থীদের সবাইকে বিভাগ মনোনয়নের ফরম পূরণ করতে হবে। বিভাগ মনোনয়নের ফরম পূরণ করা যাবে ১০ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://gaunit.univdhaka.edu/index.php?id=564778)। যদি কোনো প্রার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে বিভাগ মনোনয়ন না দেন, তবে ধরে নেওয়া হবে যে তিনি বাণিজ্য অনুষদে ভর্তি হতে আগ্রহী নন। পুনর্মূল্যায়িত ফলাফল দেখতে ক্লিক করুন