ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি দেবেশ, সম্পাদক হারুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেবেশ চন্দ্র তালুকদার ও আহমেদ হোসেন চৌধুরী হারুন
ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির ২০২২ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে দেবেশ চন্দ্র তালুকদার সভাপতি এবং আহমেদ হোসেন চৌধুরী হারুন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন৷ দেবেশ-হারুন প্যানেল সমিতির ১৯টি পদের ১৮টিতেই জয় পেয়েছে৷

দেবেশ চন্দ্র তালুকদার ঢামেকের নাক কান গলা ও হেড-নেক সার্জারি বিভাগের অধ্যাপক। আহমেদ হোসেন চৌধুরী হারুন নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক।

গত বুধবার সকাল নয়টা থেকে বেলা দুই পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের নতুন লেকচার গ্যালারিতে শিক্ষক সমিতির এই নির্বাচনের ভোট গ্রহণ হয়৷ ভোট গণনা শেষে সেদিন রাতেই নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক কামরুল ইসলাম৷

ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির এই নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে৷ একটির নেতৃত্বে ছিলেন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জয়ী দেবেশ ও হারুন৷ অন্যটির নেতৃত্বে ছিলেন কলেজের নিওনেটাল সার্জারি বিভাগের অধ্যাপক আবদুল হানিফ টাবলু ও ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক আফজালুল হক রানা৷ টাবলু-রানা প্যানেল শুধু একটি পদে জিতেছে৷ এই প্যানেল থেকে সাংগঠনিক সম্পাদক পদে ক্যাজুয়ালিটি সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক নাজমুল হক মাসুম ২০১ ভোট পেয়ে জিতেছেন৷

২৪৪ ভোট পেয়ে সমিতির সভাপতি পদে জিতেছেন দেবেশ চন্দ্র তালুকদার৷ তিনি সমিতির সদ্য সাবেক কমিটির সাধারণ সম্পাদক ছিলেন৷ তাঁর প্রতিদ্বন্দ্বী টাবলু-রানা প্যানেলের অধ্যাপক আবদুল হানিফ টাবলু পেয়েছেন ১৫৯ ভোট৷ সাধারণ সম্পাদক পদে ১৭৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন অধ্যাপক আহমেদ হোসেন চৌধুরী হারুন৷ তাঁর প্রতিদ্বন্দ্বী টাবলু-রানা প্যানেলের প্রার্থী অধ্যাপক আফজালুল হক রানা পেয়েছেন ৯৯ ভোট৷

এ ছাড়া শিক্ষক সমিতির ১১টি সদস্যপদের সব কটিতেই জিতেছেন দেবেশ-হারুন প্যানেলের প্রার্থীরা৷ বিজয়ী ব্যক্তিরা হলেন শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ইফফাত আরা, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক এ জেড এম মাহফুজুর রহমান, ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক সুজিত কুমার সরকার, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ গোলাম মোগনী, শিশু সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আবদুল আদিল, ক্যাজুয়ালিটি সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহমুদুর রহমান, নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ফজলে এলাহী, ইউরোলজি বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সারোয়ার আলম, অর্থোপেডিক্স সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ খোরশেদ আলম, মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক পংকজ কান্তি দত্ত এবং নাক কান গলা ও হেড-নেক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক চৌধুরী মোহা. মুশফিকুর রহমান৷