ঢাবি 'খ' ইউনিটে ফেল ৮৬ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল আজ মঙ্গলবার প্রকাশিত হয়েছে। এ বছর ‘খ’ ইউনিটের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৮৬ শতাংশ ফেল করেছে। পাস করেছে ১৪ শতাংশ।

ঢাবির উপাচার্য ড. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।

পরীক্ষার বিস্তারিত ফলাফল এবং ভর্তিপ্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) জানা যাবে। এ ছাড়া DU KHA ও রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৩৩ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৪ হাজার ৭৪৭ জন। ‘খ’ ইউনিটের অধীনে আসন ২ হাজার ৩৭৮টি।

উত্তীর্ণ শিক্ষার্থীরা ২৬ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত ওয়েবসাইটে পছন্দ তালিকা পূরণ করতে পারবেন। কোটায় আবেদনকারীদের ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত কলা অনুষদের ডিন অফিস থেকে ফরম সংগ্রহ করে তা পূরণ করে জমা দিতে হবে। এ ছাড়া ফলাফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে একই সময়ের মধ্যে আবেদন করতে হবে।