ঢাবিতে ভর্তি পরীক্ষার ফি ও ক্যানটিনে খাবারের দাম বাড়ানোর প্রতিবাদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার আবেদন ফি ও আবাসিক হলগুলোতে খাবারের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়েছে কয়েকটি ছাত্রসংগঠন। আবেদন ফি বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার ও পর্যাপ্ত ভর্তুকি দিয়ে খাবারের দাম কমানোসহ চার দফা দাবিতে আগামী সোমবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় যৌথ বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে তারা।
আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ওই কর্মসূচির কথা জানানো হয়। ‘প্রগতিশীল ছাত্রসংগঠনসমূহ’র ব্যানারে বিবৃতিটি পাঠান সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (বাসদ) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক হাসান মাহমুদ।
যৌথ বিবৃতিতে প্রতিবাদ জানান ছাত্র ফ্রন্টের (বাসদ) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাজিব কান্তি রায় ও সাধারণ সম্পাদক সুহাইল আহমেদ, ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শিমুল কুম্ভকার ও সাধারণ সম্পাদক আদনান আজিজ চৌধুরী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক প্রগতি বর্মণ, ছাত্র ফেডারেশনের একাংশের বিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক আরমানুল হক, বিপ্লবী ছাত্র মৈত্রীর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য জাবির আহমেদ ও ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক মাহফুজ আহাম্মেদ।
বিবৃতিতে সংগঠনের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর ক্যানটিনের খাবারের দাম বাড়ানোর ঘটনাকে অযৌক্তিক, অনভিপ্রেত এবং শিক্ষা ও শিক্ষার্থীর স্বার্থবিরোধী বলে আখ্যায়িত করেন। তাঁরা বলেন, হল ক্যানটিনগুলোতে কয়েক মাসের ব্যবধানে দুই দফায় খাবারের দাম বাড়ানো হয়েছে। বন্ধ রয়েছে হলের ডাইনিং ব্যবস্থা।
ক্যানটিনগুলোতে দেওয়া হচ্ছে না কোনো ভর্তুকি। এর সঙ্গে যুক্ত হয়ে আছে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের ক্যানটিন থেকে চাঁদাবাজি ও ‘ফাও খাওয়ার’ রীতি।
পর্যাপ্ত ভর্তুকি দিয়ে খাবারের দাম কমিয়ে মান বাড়ানো প্রয়োজন ছিল উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘খাবারের পুষ্টিমান যথার্থ আছে কি না, তা নিয়মিত তদারকি করা দরকার। প্রশাসনের দায়হীনতা আর ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের “পাওয়ার প্র্যাকটিসের” গ্যাঁড়াকলে নিষ্পেষিত হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। এ রকম হ-য-ব-র-ল কায়দায় শিক্ষার্থীদের খাবারের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে পরিচালিত করা হচ্ছে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৈন্যদশাকেই প্রতীয়মান করে।’
বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফি ৩৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে। এই ফি বাড়ানো পুরোপুরি অযৌক্তিক ও অন্যায্য। মাত্র ৩ শিক্ষাবর্ষের মধ্যেই ধাপে ধাপে আবেদন ফি ১ হাজার টাকায় গিয়ে ঠেকেছে। এই ফি বাড়ানোর যৌক্তিক কোনো কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন হাজির করতে পারেনি।
শিক্ষার্থীদের জিম্মি করে অযৌক্তিক উপায়ে বর্ধিত ফি হাতিয়ে অনিয়ম-দুর্নীতির মচ্ছব আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন লিপ্ত হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়।
সংগঠনগুলোর পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চার দফা দাবি জানানো হয়। এগুলো হলো, অবিলম্বে ভর্তির আবেদন ফি বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার, পর্যাপ্ত ভর্তুকি দিয়ে ক্যানটিনের খাবারের দাম কমানো ও মান বাড়ানো, প্রশাসনিক উদ্যোগে হলে হলে ডাইনিং সিস্টেম চালু করা এবং খাবারের দাম ও মান নিয়ন্ত্রণে মনিটরিং সেল গঠন।