ঢাবির খ ইউনিটের ফল প্রকাশ আগামীকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত খ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল মঙ্গলবার। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান দুপুরে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন। অপর দিকে বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের ভর্তি পরীক্ষার ফলও এ সপ্তাহে প্রকাশ করা হবে।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল শ্রেণিকক্ষে ফল প্রকাশ করবেন মো. আখতারুজ্জামান। পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে কিংবা মুঠোফোনের খুদে বার্তার মাধ্যমে পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পারবেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও ক ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী মিহির লাল সাহা বলেছেন, এ সপ্তাহেই ক ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করতে পারবেন তাঁরা।

গত ১ অক্টোবর ক ইউনিট ও ২ অক্টোবর খ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছরই প্রথমবারের মতো দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে।