ঢাবির গেস্টরুম নির্যাতন: ছাত্রলীগের ৩ কর্মীকে সাময়িক বহিষ্কার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে হলের অতিথিকক্ষে ডেকে নিয়ে মানসিক নিপীড়নের ঘটনায় ছাত্রলীগের তিন কর্মীকে হল থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। ওই ঘটনায় হওয়া তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে আজ বুধবার বিজয় একাত্তর হল প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। আগামীকাল বৃহস্পতিবার থেকে এই বহিষ্কারাদেশ কার্যকর হবে।
বহিষ্কৃত ছাত্রলীগের তিন কর্মী হলেন সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র কামরুজ্জামান রাজু, ইতিহাস বিভাগের ছাত্র হৃদয় আহমেদ ওরফে কাজল, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র ইয়ামিম ইসলাম। তাঁরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী হিসেবে পরিচিত। ২৬ জানুয়ারি এ তিনজনসহ ছয় ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে হলটির প্রথম বর্ষের ছাত্র আকতারুল ইসলামকে নির্যাতনের অভিযোগ ওঠে। পরের দিন ঘটনা তদন্তে কমিটি করে হল প্রশাসন।
বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ আবদুল বাছির আজ বুধবার দুপুরে প্রথম আলোকে বলেন, তদন্ত কমিটি নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে ঘটনার বর্ণনার পাশাপাশি শাস্তির সুপারিশও করা হয়েছে। ভুক্তভোগী ছয়জনের বিরুদ্ধে অভিযোগ করলে তদন্তে ঘটনায় তিনজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদন ও সুপারিশের আলোকে সেই তিনজনকে হল থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। আগামীকাল থেকে এ আদেশ কার্যকর হবে।
ভুক্তভোগী আকতারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের (২০২০-২১ শিক্ষাবর্ষ) ছাত্র। গত ২৬ জানুয়ারি রাতে প্রাধ্যক্ষকে দেওয়া লিখিত অভিযোগে তিনি মোট ছয়জনের নাম উল্লেখ করেন। অভিযোগে তিনি বলেন, ‘অসুস্থ থাকা সত্ত্বেও জোর করে তাঁরা আমাকে বিজয় একাত্তর হলের অতিথিকক্ষে ডেকে নিয়ে বাতির দিকে তাকিয়ে থাকতে বলেন। বাতির দিকে তাকানোর পর একপর্যায়ে আমি চেতনা হারিয়ে ফেলি। পরে হাসপাতালে চিকিৎসা নিয়েছি। এতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আবেদন জানাচ্ছি।’
এ ঘটনার পর এর তদন্ত ও বিচার দাবি করেছিল বিভিন্ন ছাত্রসংগঠন। আকতারুলের সহপাঠীরাও ঘটনার বিচার দাবি করে মানববন্ধন করেছিলেন।