ঢাবির ঘ ইউনিট নিয়ে ডিনস কমিটির বিশেষ সভা বুধবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিট বাদ দেওয়া নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে আগামীকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির বিশেষ সভা ডাকা হয়েছে। এই সভায় ঘ ইউনিটের বিকল্প কৌশল-সম্পর্কিত সুপারিশ নিয়ে আলোচনা হবে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, ‘এই বিশেষ সভায় ডিনস সাবকমিটির সুপারিশ নেওয়া হবে। তা নিয়ে সভায় আলোচনা করা হবে। সকাল ১০টায় উপাচার্য-কার্যালয়সংলগ্ন লাউঞ্জে সভাটি অনুষ্ঠিত হবে।’
‘পরীক্ষার বোঝা ও ভোগান্তি কমানোর’ কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভাগ পরিবর্তন ইউনিট হিসেবে পরিচিত ঘ ইউনিট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। ৭ ফেব্রুয়ারি ঘ ইউনিট বাতিলের সিদ্ধান্ত বাস্তবায়নে বিভাগ পরিবর্তনের একটি নীতিমালা প্রণয়নের জন্য ডিনস সাবকমিটিকে দায়িত্ব দেন উপাচার্য।
তবে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল ও বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের সামাজিক বিজ্ঞান অনুষদ শাখা এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এমন পরিস্থিতিতে বুধবার ডিনস কমিটির বিশেষ সভা ডাকলেন উপাচার্য।