সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, ২০১৫ সালের জেএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একটি আবশ্যিক বিষয়। বিষয়টির মোট নম্বর ৫০। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ৮টি। ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে ৫। আজ অধ্যায়-১ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো। এগুলো সংগ্রহ করে পড়বে।
প্রশ্ন: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে কী ধরনের সুবিধা পাওয়া যায়, লেখো।
উত্তর : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের সুবিধা নিচে দেওয়া হলো:
১. কম সময়ে অধিক পরিমাণ কাজ করা যায়। এতে ব্যবসার খরচ কমে।
২. মজুত নিয়ন্ত্রণ করা যায়। বিশেষায়িত সফটওয়্যার কৌশল ব্যবহার করে প্রয়োজনীয় মজুতের হালনাগাদ তথ্য জানা যায়। ফলে সেই অনুযায়ী উত্পাদনের ব্যবস্থা করা যায়।
৩. উত্পাদনে আইসিটি নিয়ন্ত্রিত বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হলে কম সময়ে বেশি উত্পাদনে করা যায়।
৪. কর্মী ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির প্রয়োগ উত্পাদনে গতিশীলতা আনতে সক্ষম হয়।
৫. ই-মেইল ব্যবস্থার মাধ্যমে ব্যবসাক্ষেত্রে দ্রুত যোগাযোগ করা সম্ভব হয়।
৬. ইন্টারনেটের মাধ্যমে পণ্যের খবর বিভিন্ন ওয়েবসাইটে, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়া যায়। এতে পণ্যের প্রচার সহায়তা পাওয়া যায়।
৭. মোবাইল ফোনের মাধ্যমে মৌখিক যোগাযোগ, ভিডিও কনফারেন্সিংয়ের সুবিধা পাওয়া যায়।
প্রশ্ন: যোগাযোগের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করো।
উত্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই যুগে সবচেয়ে যুগান্তকারী পরিবর্তন হচ্ছে যোগাযোগ। প্রাচীনকালে যোগাযোগের মাধ্যম ছিল ঘোড়া, পায়ে হেঁটে বা বিভিন্ন পোষা প্রাণীর মাধ্যমে। কিন্তু বর্তমানে যোগাযোগব্যবস্থা এমন যে পুরো পৃথিবীটা এখন হাতের মুঠোয়, যাকে বলা হয় বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। যোগাযোগের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যেসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে, তা হলো—
টেলিফোন: টেলিফোন আবিষ্কারের ফলে যোগাযোগব্যবস্থা অনেক সহজ হয়। যার ফলে যেকোনো ব্যক্তির সাথে সহজেই যোগাযোগ করা যায়।
মোবাইল ফোন: মোবাইল ফোন আবিষ্কারের ফলে যোগাযোগের ক্ষেত্রে এক অভাবনীয় পরিবর্তন এসেছে। যেকোনো ব্যক্তি যেকোনো জায়গায় বসে পৃথিবীর যেকোনো ব্যক্তির সাথে যোগাযোগ করতে পারছে। বর্তমান স্মার্টফোন আবিষ্কারের ফলে তা দিয়ে ভিডিও কলও করা যায়। এ ছাড়া ই-মেইল, চ্যাট, ফেসবুক ব্যবহার করেও যোগাযোগ সম্পন্ন করা যাচ্ছে।
কম্পিউটার: কম্পিউটার আবিষ্কারের ফলে যোগাযোগব্যবস্থা আরও এক ধাপ এগিয়ে যায়। যেমন ই-মেইল, ভিডিও চ্যাটিং, স্কাইপিং, সামাজিক নেটওয়ার্কিংয়ের মাধ্যমে যোগাযোগ সহজতর হয়েছে।
শেষে বলা যায় যোগাযোগের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান অনস্বীকার্য।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা