সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, ২০১৫ সালের জেএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি একটি আবশ্যিক বিষয়। বিষয়টির মোট নম্বর ৫০। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ৮টি। ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে ৫। আজ অধ্যায়-১ থেকে দুটি সংক্ষিপ্ত নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো। এগুলো সংগ্রহ করে পড়বে।
প্রশ্ন: আউটসোর্সিংয়ের বর্ণনা দাও। ঘরে বসে আয় করার জন্য কী ধরনের যোগ্যতা দরকার?
উত্তর: বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজেদের অনেক কাজ যেমন: ওয়েবসাইট উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, মাসিক বেতন, বিল প্রস্তুতকরণ, ওয়েবসাইটে তথ্য যোগ করা, সফটওয়্যার তৈরি করা ইত্যাদি কাজ অন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিগোষ্ঠী দ্বারা পারিশ্রমিকের বিনিময়ে সম্পন্ন করিয়ে নেয়, তখন তাকে আউটসোর্সিং বলে।
ইন্টারনেটের বিকাশের ফলে বর্তমানে তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য ঘরে বসে অন্য দেশের কাজ করে দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। ইন্টারনেটে যুক্ত থাকলে যে কেউ এ কাজে যুক্ত হতে পারে। তবে এ ধরনের কাজের ক্ষেত্রে উপযুক্ত দক্ষতার পাশাপাশি ভাষার দক্ষতারও প্রয়োজন পড়ে।
# কয়েকটি আউটসোর্সিং প্রতিষ্ঠান হলো ওডেক্স, ফ্রিল্যান্সার, ইল্যান্স প্রভৃতি।
আউটসোর্সিংয়ের মাধ্যমে যেসব কাজ করা হয় তা হলো:
১. বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজেদের অনেক কাজ যেমন: ওয়েবসাইট উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, মাসিক বেতন-ভাতার বিল প্রস্তুতকরণ, ওয়েবসাইটে তথ্য যোগ করা, আর্টিকেল লেখা, ডিজাইন তৈরি, সফটওয়্যার তৈরি ইত্যাদি অন্য দেশের কর্মী দ্বারা করিয়ে নেয়। তবে এ ক্ষেত্রে কর্মীদের সংশ্লিষ্ট কাজে অবশ্যই যথেষ্ট দক্ষ হতে হয়।
২. আউটসোর্সিংয়ের মাধ্যমে যে কেউ অতি দ্রুত এবং ঘরে বসে তার মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করতে পারে।
৩. বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন তৈরি, এডিটিং ইত্যাদি কাজও আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মীরা করে থাকে।
প্রশ্ন: যোগাযোগ করার পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায়? উদাহরণসহ বর্ণনা দাও।
উত্তর: যোগাযোগ করার পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যায়। এগুলো হলো:
১. একমুখী যোগাযোগ পদ্ধতি, ২. দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি।
নিচে এই পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো:
একমুখী যোগাযোগ পদ্ধতি: একমুখী পদ্ধতিতে যোগাযোগ হয় এক পক্ষ থেকে। যখন একজন বা একটি প্রতিষ্ঠান ‘একমুখী’ পদ্ধতিতে অনেকের সঙ্গে যোগাযোগ করে, সেটিকে একমুখী পদ্ধতি বা ইংরেজিতে ব্রডকাস্ট বলে।
উদাহরণ: রেডিও বা টেলিভিশন হলো একমুখী পদ্ধতির সবচেয়ে বড় উদাহরণ। এ প্রক্রিয়ায় যখন কোনো অনুষ্ঠান প্রচার করা হয়, তখন তা সবার জন্য প্রচার করা হয়, এটি ব্রডকাস্ট পদ্ধতি। আর এ ক্ষেত্রে যাদের জন্য অনুষ্ঠান প্রচার করা হয়, তারা পাল্টা যোগাযোগ করতে পারে না বলে এটি একমুখী পদ্ধতি।
২. দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি: দ্বিমুখী পদ্ধতিতে যোগাযোগ হয় দুই পক্ষ থেকে। এ ক্ষেত্রে দুই পক্ষেরই যোগাযোগ করার সুযোগ তৈরি হয়।
উদাহরণ: এ প্রক্রিয়ার সবচেয়ে ভালো উদাহরণ হলো টেলিফোন, মোবাইল। কেননা এগুলোর মাধ্যমে দুজন একই সঙ্গে পরস্পরের সাথে যোগাযোগ করতে পারে। এটি সম্ভব হয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির অভূতপূর্ব উন্নয়নের জন্য।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা