তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

*সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, ২০১৫ সালের জেএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি একটি আবশ্যিক বিষয়। বিষয়টির মোট নম্বর ৫০। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ৮টি। ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে ৫। আজ অধ্যায়-১ থেকে সংক্ষিপ্ত নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো। এগুলো সংগ্রহ করে পড়বে।

প্রশ্ন: কম্পিউটার নেটওয়ার্ক কী? কম্পিউটারের একটি নেটওয়ার্কের বর্ণনা দাও।
উত্তর: কম্পিউটার নেটওয়ার্ক এমন এক প্রক্রিয়া বা সিস্টেম, যেখানে দুই বা ততোধিক কম্পিউটারকে যোগাযোগের কোনো মাধ্যম দিয়ে একসাথে জুড়ে দিলে কম্পিউটারগুলো নিজেদের মধ্যে তথ্য কিংবা উপাত্ত বিনিময় করতে পারে। একটি নেটওয়ার্ক মূলত অনেক কম্পিউটার নিয়ে তৈরি হয়। কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে তথ্য দেওয়া-নেওয়া সহজ হয়। একজন ব্যবহারকারী নেটওয়ার্কের অনেক কিছু ব্যবহার করতে পারে। যে রিসোর্স তার কাছে নেই, সেটিও সে নেটওয়ার্ক থেকে ব্যবহার করতে পারে।
একটি কম্পিউটার নেটওয়ার্কে সার্ভার, ক্লায়েন্ট, মিডিয়া, নেটওয়ার্ক, অ্যাডাপ্টার, রিসোর্স, ইউজার, প্রটোকল প্রভৃতি বিষয় থাকে। এর সমন্বয়ে একটি কম্পিউটার নেটওয়ার্ক তৈরি হয়। আজকাল অফিস-আদালত, স্কুল-কলেজ প্রভৃতি সব জায়গায় কম্পিউটার নেটওয়ার্ক পদ্ধতি ব্যবহূত হয়।
প্রশ্ন: সার্ভার, ক্লায়েন্ট ও রিসোর্স কী?
উত্তর: সার্ভার: সার্ভার হলো মোটামুটি শক্তিশালী একটি কম্পিউটার, যা নেটওয়ার্কের অন্য কম্পিউটারকে নানা রকম সেবা দিয়ে থাকে।
ক্লায়েন্ট: ক্লায়েন্ট একটি ইংরেজি শব্দ। কম্পিউটার নেটওয়ার্কে ক্লায়েন্ট একটি অতিপরিচিত শব্দ। নেটওয়ার্ক পদ্ধতিতে যেসব কম্পিউটার সার্ভার থেকে কোনো ধরনের তথ্য নেয়, তাকে ক্লায়েন্ট বলে।
রিসোর্স: ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য যেসব সুযোগ-সুবিধা দেওয়া হয়, তার সবই হচ্ছে রিসোর্স। কম্পিউটারের সঙ্গে যদি একটি প্রিন্টার বা একটি ফ্যাক্স লাগানো হয়, সেটা হচ্ছে রিসোর্স। কম্পিউটার দিয়ে কেউ যদি সার্ভারে রাখা একটি ছবি আঁকার সফটওয়্যার ব্যবহার করে সেটাও রিসোর্স।
প্রশ্ন: ক্লায়েন্ট ও রিসোর্সের মধ্যে পার্থক্য লেখো।
উত্তর: ক্লায়েন্ট ও রিসোর্সের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো:

ক্লায়েন্ট রিসোর্স
১. যারা কম্পিউটার সার্ভার থেকে কোনো ধরনের তথ্য নেয় তাদের ক্লায়েন্ট বলে। ১. ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য যেসব সুযোগ-সুবিধা দেওয়া হয় তার সবই রিসোর্স।
২. প্রিন্টার ব্যবহারের মাধ্যমে যে সেবা গ্রহণ করে সে হলো ক্লায়েন্ট। ২. কম্পিউটারের সঙ্গে যদি প্রিন্টার লাগানো থাকে তবে প্রিন্টার হলো রিসোর্স।
৩. ক্লায়েন্ট সেবা গ্রহণ করে সার্ভারের কাছ থেকে। ৩. রিসোর্স ক্লায়েন্টকে সার্ভারের অনুমতিতে সেবা প্রদান করে।

প্রশ্ন: নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ও প্রটোকল সম্পর্কে বর্ণনা দাও।
উত্তর: নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড: নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা নেটওয়ার্ক অ্যাডাপ্টার হলো একধরনের সংযোগকারী মাধ্যম, যা কম্পিউটারকে নেটওয়ার্কের সঙ্গে জুড়ে দিতে ব্যবহার করা হয়। সেটা করার জন্য কম্পিউটারের সঙ্গে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড লাগাতে হয়। একটি কম্পিউটারকে সোজাসুজি নেটওয়ার্কের সাথে জুড়ে দেওয়ার জন্য নেটওয়ার্ক অ্যাডাপ্টার বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড প্রয়োজন হয়।
প্রটোকল: সহজ ভাষায় বলতে গেলে প্রটোকল হলো নিয়ম আর প্রটোকলস হলো নিয়মের সমষ্টি। ভিন্ন ভিন্ন কম্পিউটারকে একসাথে যুক্ত করে দিতে হলে এক কম্পিউটারের সঙ্গে অন্য কম্পিউটারের যোগাযোগ করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মেনে তথ্য আদান-প্রদান করতে হয়। যারা নেটওয়ার্ক তৈরি করে, তারা আগে থেকেই ঠিক করে নেয়, ঠিক কোন ভাষায় কোন নিয়ম মেনে এক কম্পিউটার অন্য কম্পিউটারের সঙ্গে কথা বলবে। এ নিয়মগুলোই হচ্ছে প্রটোকল।
*বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা