তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, ২০১৫ সালের জেএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি একটি আবশ্যিক বিষয়। বিষয়টির মোট নম্বর ৫০। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আটটি। পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে ৫। আজ অধ্যায়-১ থেকে দুটি সংক্ষিপ্ত নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো। এগুলো সংগ্রহ করে পড়বে।

প্রশ্ন: টপোলজি কী? বাস টপোলজি কী? বাস টপোলজি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলো লেখো।
উত্তর: টপোলজি: একটি কম্পিউটারের সঙ্গে অপর একটি কম্পিউটার কীভাবে, কী কৌশলে যুক্ত হবে তাকে নেটওয়ার্ক টপোলজি বলে। এ ধরনের টপোলজি কম্পিউটার কেব্ল বা ওয়্যারলেস কমিউনিকেশন ডিভাইস দ্বারা একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে। নেটওয়ার্কে প্রতি জোড়া স্টেশনের মধ্যে কোন পথে ডেটা চলাচল করবে নেটওয়ার্ক টপোলজি তা নির্ধারণ করে। নেটওয়ার্ক টপোলজি বিভিন্ন ধরনের হয়। যেমন:
১. বাস টপোলজি ২. রিং টপোলজি ৩. স্টার টপোলজি ৪. ট্রি টপোলজি ৫. মেশ টপোলজি
বাস টপোলজি: যে টপোলজিতে একটি মূল তারের সঙ্গে সব কটি ওয়ার্কস্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে, তাকে বাস টপোলজি বলে। একে অনেক সময় লিনিয়ার টপোলজিও বলা হয়। এর মূল কেব্লকে ব্যাকবোন বলে। প্রতিটি কম্পিউটার মূল বাসের সঙ্গে সংযুক্ত থাকে।
বাস টপোলজির সুবিধা ও অসুবিধাগুলো নিচে দেওয়া হলো:
সুবিধা
১. বাস টপোলজি সহজ-সরল। ২. কম তারের প্রয়োজন হয়। ৩. খরচ কম হয়। ৪. বাস টপোলজি সম্প্রসারণ করা সম্ভব। ৫. এখানে ব্যাকবোন একটি এবং এর সংগঠন সহজ ও সাধারণ। ৬. কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে অন্য কম্পিউটারগুলো স্বাভাবিকভাবে কাজ করতে পারে।
অসুবিধা
১. বাস টপোলজির ডেটা চলাচলের গতি কম।
২. ব্যাকবোন তারটি নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে।
৩. এ ধরনের নেটওয়ার্কের ত্রুটি নির্ণয় করা বেশ জটিল।
৪. একসঙ্গে একই সময়ে বেশি ডেটা আদান-প্রদানে সময় বেশি লাগে।

প্রশ্ন: বাস্তব উদাহরণসহ একটি বাস টপোলজির বিবরণ দাও।
উত্তর: বাস টপোলজিতে একটি মূল তারের সঙ্গে সব কটি ওয়ার্কস্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে। একে অনেক সময় লিনিয়ার টপোলজিও বলা হয়। এর মূল কেব্লকে ব্যাকবোন বলে। প্রতিটি কম্পিউটার মূল বাসের সঙ্গে সংযুক্ত থাকে।
বাস টপোলজিতে মূল তারের ভেতর দিয়েই উভয় দিকে তথ্য প্রবাহিত হয়। এ ক্ষেত্রে কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে অন্য কম্পিউটারগুলো স্বাভাবিকভাবে কাজ করতে পারে। যেমন একটি স্কুলে ১০টি কম্পিউটারের সমন্বয়ে একটি বাস নেটওয়ার্ক টপোলজি তৈরি করা হবে। যেখানে একটি মূল তারের সঙ্গে ওই ১০টি কম্পিউটার যোগ করতে হবে, যার মধ্য দিয়ে নেটওয়ার্কে তথ্য প্রবাহিত হবে। এই ১০টি কম্পিউটারের মধ্যে একটি হবে নেটওয়ার্ক সার্ভার এবং বাকি নয়টি হবে ক্লায়েন্ট কম্পিউটার।
এভাবে যে-কেউ একটি বাস নেটওয়ার্ক টপোলজি তৈরি করতে পারবে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা