সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, ২০১৫ সালের জেএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি আবশ্যিক। বিষয়টিতে মোট নম্বর থাকবে ৫০। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ৮টি। ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে ৫। আজ অধ্যায়-২ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: রিং টপোলজি কী? এ টপোলজি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলো লেখো।
উত্তর: রিং টপোলজি: রিং টপোলজিতে একটি কম্পিউটার অপর একটি কম্পিউটারের সাথে এমনভাবে যুক্ত থাকে, যা দেখতে অনেকটা রিংয়ের মতো। তাই এর নামকরণ হয়েছে রিং টপোলজি। রিং টপোলজিতে কম্পিউটারগুলোকে এমনভাবে সংযুক্ত করা হয়, যাতে সর্বশেষ কম্পিউটারটি প্রথম কম্পিউটারের সাথে যুক্ত থাকে।
রিং টপোলজির সুবিধা ও অসুবিধাগুলো নিচে দেওয়া হলো:
সুবিধা
১. রিং টপোলজিতে কোনো কেন্দ্রীয় কম্পিউটার বা সার্ভারের প্রয়োজন হয় না।
২. নেটওয়ার্কে কম্পিউটারের সংখ্যা বাড়ালেও এর দক্ষতা খুব বেশি প্রভাবিত হয় না।
অসুবিধা
১. রিং টপোলজিতে কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে।
২. নুতন কম্পিউটারের সংযোগ দেওয়ার প্রয়োজন হলে আগের সিস্টেম ভেঙে নতুনভাবে তৈরি করতে হয়। ফলে খরচ বেশি হয়।
৩. ডেটা চলাচলের গতি কম এবং যেকোনো সমস্যা সমাধান করা বেশ জটিল।
প্রশ্ন: স্টার টপোলজি কী? এ টপোলজি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলো লেখো।
উত্তর: স্টার টপোলজি: যে নেটওয়ার্কে একটি কম্পিউটার অপর একটি কম্পিউটারের সাথে এমনভাবে যুক্ত থাকে, যা দেখতে অনেকটা তারকার মতো, তাকে স্টার টপোলজি বলে। এ নেটওয়ার্কে হাব বা সুইচের মাধ্যমে বিভিন্ন কম্পিউটার সংযুক্ত থাকে।
স্টার টপোলজির সুবিধা ও অসুবিধাগুলো নিচে দেওয়া হলো:
সুবিধা
১. এ টপোলজিতে কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ সিস্টেম অচল হয়ে যায় না।
২. ডেটা চলাচলের গতি বেশি।
৩. নতুন একটি কম্পিউটার সংযোগ দেওয়ার প্রয়োজন হলে শুধু হাবের সাথে সংযোগ দিলেই চলে।
৪. কেন্দ্রীয়ভাবে এ টপোলজি নিয়ন্ত্রণ করা যায় বলে ত্রুটি নির্ণয় সহজ।
৫. বর্তমানে এ পদ্ধতি বহুলভাবে ব্যবহূত হচ্ছে।
অসুবিধা
১. হাব বা সুইচ নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ সিস্টেম অচল হয়ে যায়।
২. প্রতিটি কম্পিউটার হাবের সাথে সংযুক্ত করার জন্য প্রচুর কেবেলর প্রয়োজন হয়, যা ব্যয়বহুল।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা