তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, ২০১৫ সালের জেএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়টি আবশ্যিক। বিষয়টিতে মোট নম্বর থাকবে ৫০। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ৮টি। ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে ৫। আজ অধ্যায়-২ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: ক্লাউড কম্পিউটিং কী? এর প্রভাবে কী কী ধরনের পরিবর্তন সূচিত হয়েছে?
উত্তর: ক্লাউড কম্পিউটিং হলো ইন্টারনেট-নির্ভর কম্পিউটিং ব্যবস্থা। এ ব্যবস্থায় যে-কেউ এটি মূল্যের বিনিময়ে ব্যবহার করতে পারবে। যে যতটুকু সেবা গ্রহণ করবে, সে ততটুকুর জন্য মূল্য দেবে।
ক্লাউড কম্পিউটিংয়ের প্রভাবে তথ্যপ্রযুক্তির জগতে এক নতুন ধারার জন্ম হয়েছে। ফলে একধরনের পরিবর্তনের ছোঁয়া লক্ষ করা যাচ্ছে। যেমন:
১. এখন এ ব্যবস্থায় বিভিন্ন ওয়েবসাইট যেমন: yahoo, gmail ব্যবহার করে ই-মেইল পাঠানো সম্ভব হচ্ছে।
২. সার্চ ইঞ্জিন যেমন পিপীলিকাতে বাংলা তথ্য খোঁজার ব্যবস্থা করা হয়েছে, যেটি ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহারের ফল।
৩. আগে অনেক দাম দিয়ে সফটওয়্যার কিনে ব্যবহার করতে হতো। এখন ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহারকারী বা গ্রাহক সফটওয়্যার সুলভ মূল্যে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবে।
৪. বিজ্ঞানীরাও এ ব্যবস্থার সাহায্যে ব্যয় কমিয়ে তাঁদের গবেষণার কাজ সম্পন্ন করতে পারছেন।
৫. কম আয়ের বা ছোট বা মাঝারি প্রতিষ্ঠানসমূহ আগে অনেক দাম দিয়ে সার্ভার কিনত বা কখনো কখনো কেনা সম্ভব ছিল না। তারা বর্তমানে এ ব্যবস্থায় কম খরচে সার্ভার ব্যবহারের সুবিধা পাচ্ছে।

প্রশ্ন: সামাজিক নেটওয়ার্ক কী? সামাজিক নেটওয়ার্ক ব্যবহারের সুফল ও কুফলগুলো কী কী?
উত্তর: সামাজিক নেটওয়ার্ক বলতে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটকে বোঝায়। এ মুহূর্তে পৃথিবীর জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কের মধ্যে রয়েছে ফেসবুক ও টুইটার। সামাজিক নেটওয়ার্ক ব্যবহারের সুফলের পাশাপাশি কুফলও রয়েছে। নিচে তা বর্ণনা করা হলো:

সুফলসমূহ
১. মানুষের সাথে মানুষের যোগাযোগ বৃদ্ধি।
২. সামাজিক নেটওয়ার্কে একে অন্যের সাথে ছবি, ভিডিও বা তথ্য বিনিময় করতে পারে।
৩. ই-মেইল পাঠাতে পারে বা গ্রহণ করতে পারে, মেসেজ দেওয়া-নেওয়া করতে পারে।
৪. এর মাধ্যমে ভিডিও চ্যাটিং করার ব্যবস্থা আছে।

কুফলসমূহ
১. অধিক পরিমাণে সামাজিক নেটওয়ার্কের ওপর নির্ভরশীলতা সত্যিকারের যোগাযোগের অনুভূতিকে কমিয়ে দিচ্ছে। এর ব্যবহারকারীরা একেই সত্যিকারের সম্পর্ক ভাবতে শুরু করেছে।
২. বাইরে ঘুরে বেড়ানো, খেলাধুলা, মানুষের সাথে মেলামেশার দক্ষতা এবং ইচ্ছা কমে যাচ্ছে। এর ফলে মানসিকভাবে হতাশায় ভোগার আশঙ্কাও দেখা দিতে পারে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা