সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, ২০১৫ সালের জেএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি আবশ্যিক। বিষয়টিতে মোট নম্বর থাকবে ৫০। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ৮টি। ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে ৫। আজ অধ্যায়-২ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: মডেম কী? মডেম কীভাবে কাজ করে, বর্ণনা করো।
উত্তর: মডেম একটি নেটওয়ার্ক যন্ত্র। মূলত টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেটের নেটওয়ার্কে যুক্ত থাকার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ যন্ত্র হলো মডেম। Modem শব্দটি তৈরি হয়েছে Modulator এর Mo এবং Demodulator এর Dem—এ দুটি অংশের সমন্বয়ে। মডেম তার দ্বারা সংযুক্ত বা তারবিহীন প্রযুক্তিতে ব্যবহূত হতে পারে। এটি কম্পিউটারের ভেতরেও থাকতে পারে আবার বাইরেও থাকতে পারে। বর্তমানে DSL ও WiFi মডেম বহুল পরিমাণে ব্যবহূত হচ্ছে।
মডেম সিগন্যাল আদান-প্রদানে একটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে। ইন্টারনেটের মাধ্যমে ডেটা পাঠানোর জন্য বহনকারী সিগন্যাল দরকার হয়। আর মডেমে ডিজিটাল সংকেতকে অ্যানালগ এবং অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে প্রেরণ করে।
কম্পিউটার ডিজিটাল সংকেত তৈরি করে। তখন এর সাথে সংযোগকারী মডেমের মডুলেটর অংশে ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে নেটওয়ার্কে প্রেরণ করে। এরপর প্রাপক কম্পিউটারে এ সিগন্যাল পৌঁছালে প্রাপক কম্পিউটারের সাথে যুক্ত মডেমের ডিমোডুলেটর এ অ্যানালগ সংকেতকে কম্পিউটারের উপযোগী ডিজিটাল সংকেতে রূপান্তর করে কম্পিউটারে পাঠিয়ে দেয়। এ মডেম প্রাপক ও প্রেরক উভয়ের ক্ষেত্রেই টেলিফোন লাইন ও কম্পিউটারের মাঝে যুক্ত থাকে। এ কারণে প্রেরক ও প্রাপক কোনো কম্পিউটারের জন্যই ডেটা প্রেরণ ও গ্রহণে কোনো অসুবিধা হয় না।
প্রশ্ন: হাব, সুইচ ও রাউটারের বর্ণনা দাও।
উত্তর: হাব: দুই-এর অধিক কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক তৈরি করতে হলে এমন একটি কেন্দ্রীয় ডিভাইসের দরকার হয়, যা প্রতিটি কম্পিউটারকে সংযুক্ত করতে পারে। এ ডিভাইসকে হাব বলে। হাবের মাধ্যমে কম্পিউটারগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে। নেটওয়ার্কে হাব ব্যবহার করলে তুলনামূলকভাবে খরচ কম পড়ে।
সুইচ: সুইচ হলো বহু পোর্টবিশিষ্ট কম্পিউটার নেটওয়ার্ক ডিভাইস, যা তথ্য আদান-প্রদান করতে সাহায্য করে। বাইরে থেকে সুইচ দেখতে হাবের মতো মনে হলেও এটি ভিন্ন পদ্ধতিতে নেটওয়ার্কের ক্লায়েন্টের মধ্যে ডেটা আদান-প্রদান করে।
রাউটার: রাউটার একটি বুদ্ধিমান যন্ত্র, যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরি, যা দুই বা অধিক একই প্রটোকলযুক্ত নেটওয়ার্কের মধ্যে ডেটা আদান-প্রদান করে। একটি নেটওয়ার্ক হাব ও সুইচের সমন্বয়ে তৈরি হয়। রাউটার দুটি ভিন্ন নেটওয়ার্কের মধ্যে অবস্থান করে। দুইয়ের বেশি ভিন্ন নেটওয়ার্কের মাঝেও অবস্থান করতে পারে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা