সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, ২০১৫ সালের জেএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি আবশ্যিক। বিষয়টিতে মোট নম্বর থাকবে ৫০। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ৮টি। ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে ৫। আজ অধ্যায়-২ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: হাব ও সুইচের মধ্যে পার্থক্য লেখো।
উত্তর: হাব ও সুইচের মধ্যে পার্থক্য:
হাব সুইচ
১. ডেটা আদান-প্রদানে বাধার আশঙ্কা থাকে। ১. ডেটা আদান-প্রদানের ক্ষেত্রে বাধার আশঙ্কা থাকে না।
২. ডেটা সিগন্যাল প্রাপক কম্পিউটারের সব পোর্ট পাঠায় অর্থাত্ নেটওয়ার্কের সব কম্পিউটারের কাছে পাঠায়। ২. প্রেরক কম্পিউটার থেকে সুনির্দিষ্ট ঠিকানায় প্রাপক কম্পিউটারের কাছে ডেটা পাঠায়।
৩. পোর্ট কম। অনেক বড় নেটওয়ার্ক তৈরিতে ব্যবহার করা যায় না। ৩. পোর্ট বেশি। তাই অনেক বড় নেটওয়ার্ক তৈরি করা যায়।
৪. সময় বেশি লাগে। ৪. সময় কম লাগে।
৫. নিরাপত্তা কম। ৫. নিরাপত্তাব্যবস্থা ভালো।
৬. মূল্য কম। ৬. মূল্য বেশি।
প্রশ্ন: ল্যান কার্ড কী? বিভিন্ন ধরনের ল্যান কার্ড সম্পর্কে ধারণা দাও।
উত্তর: ল্যান কার্ড (LAN Card) হলো Local Area Network Card। দুটো বা অধিক সংখ্যক কম্পিউটারকে একসাথে যুক্ত করতে যে যন্ত্রটি অবশ্যই প্রয়োজন হয়, তা হলো ল্যান কার্ড। অর্থাত্ আমরা যদি নেটওয়ার্ক গড়ে তুলতে চাই, তবে অবশ্যই ল্যান কার্ডের প্রয়োজন হবে। নেটওয়ার্কের সাথে যুক্ত এক আইসিটি যন্ত্র থেকে অন্য যন্ত্রে কোনো ডেটা পাঠাতে বা গ্রহণ করতে ল্যান কার্ডের প্রয়োজন হয়। বর্তমানে প্রায় সব কম্পিউটার বা ল্যাপটপের মাদারবোর্ডের সাথেই ল্যান কার্ড সংযুক্ত অবস্থায় থাকে। তারপরও কিছু আইসিটি যন্ত্রে আলাদা করে ল্যান কার্ড সংযুক্ত করতে হয়। প্রযুক্তির উন্নয়নের ফলে এখন তারবিহীন ল্যান কার্ড খুবই সাধারণ। এর ফলে তারের ঝামেলা থেকে রক্ষা পাওয়া যায়। আধুনিক অফিসগুলোতে তারবিহীন ল্যান কার্ডই এখন সবার পছন্দ।
প্রশ্ন: স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার কী?
উত্তর: স্যাটেলাইট: মানবসৃষ্ট যেসব বস্তু নির্দিষ্ট কতকগুলো কাজের জন্য পৃথিবীর চারদিকে মহাশূন্যের নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে পারে, তাদের স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ বলে। স্যাটেলাইটকে যদি ২৪ ঘণ্টায় একবার পৃথিবীকে ঘুরিয়ে আনা যায়, তাহলে পৃথিবী থেকে মনে হয় সেটা যেন আকাশের কোনো এক জায়গায় স্থির হয়ে আছে। এ ধরনের স্যাটেলাইটকে জিও স্টেশনারি স্যাটেলাইট বলে। আকাশে একবার জিও স্টেশনারি স্যাটেলাইট বসানো হলে পৃথিবীর এক প্রান্ত থেকে সেখানে সিগন্যাল পাঠানো যায় এবং স্যাটেলাইট সেই সিগন্যালটিকে নতুন করে পৃথিবীর অন্য পৃষ্ঠে পাঠিয়ে দিতে পারে। এ পদ্ধতিতে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রেডিও, টেলিফোন, মোবাইল ফোন কিংবা ইন্টারনেটে সিগন্যাল পাঠানো যায়।
অপটিক্যাল ফাইবার: পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সিগন্যাল প্রেরণে স্যাটেলাইটের পাশাপাশি অপটিক্যাল ফাইবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু একধরনের কাচের তন্তু। শব্দ বা বিদ্যুত্শক্তিকে আলোকশক্তিতে রূপান্তর করার পর তা অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। অপটিক্যাল ফাইবারে যে আলোকে সিগন্যাল হিসেবে পাঠানো হয়, সেটি ইনফ্রারেড আলো এবং এ আলো আমাদের চোখে দৃশ্যমান নয়। প্রেরক যন্ত্রের মাধ্যমে অ্যানালগ বা ডিজিটাল সংকেতকে প্রয়োজনীয় মডুলেশন করে আলোক সিগন্যাল হিসেবে রূপান্তর করা হয় এবং তা অপটিক্যাল ফাইবারে প্রেরণ করা হয়। অপটিক্যাল ফাইবারে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে তা গ্রাহক যন্ত্রে পৌঁছায়। ফলে গ্রাহক যন্ত্র কিছু প্রক্রিয়াকরণ শেষে তা ব্যবহারকারীর কাছে পৌঁছে দেয়। অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে অনেক বেশি সিগন্যাল পাঠানো সম্ভব হয় এবং শুনে অবিশ্বাস্য মনে হতে পারে যে একটি অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে একসাথে কয়েক লাখ টেলিফোন কল পাঠানো সম্ভব।
বর্তমানে অপটিক্যাল ফাইবার দ্বারা যোগাযোগ এত উন্নত হয়েছে যে পৃথিবীর সব দেশই অপটিক্যাল ফাইবারের নেটওয়ার্ক দিয়ে একে-অন্যের সাথে সংযুক্ত। এখন সমুদ্রের তলদেশে সাবমেরিন কেব্ল দিয়ে তথ্য এক দেশ থেকে অন্য দেশে পাঠানো সম্ভব হচ্ছে।
প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা