সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৩
প্রিয় পরীক্ষার্থী, ২০১৫ সালের জেএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি আবশ্যিক। বিষয়টিতে মোট নম্বর থাকবে ৫০। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ৮টি। ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে ৫। আজ অধ্যায়-৩ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: ম্যালওয়্যার থেকে নিষ্কৃতি পাওয়ার পাঁচটি উপায় লেখো।
উত্তর: কম্পিউটারে অনুপ্রবেশকারী বিভিন্ন ধরনের ক্ষতিকর সফটওয়্যারের সাধারণ নামই হলো ম্যালওয়্যার। ম্যালওয়্যার থেকে নিষ্কৃতি পাওয়ার পাঁচটি উপায় নিচে দেওয়া হলো:
১. বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা অ্যান্টিভাইরাস কম্পিউটারের ম্যালওয়্যারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কাজ করে, যা একধরনের সফটওয়্যার এবং যা ম্যালওয়্যারের বিরুদ্ধে কাজ করে।
২. ফায়ারওয়াল ব্যবস্থার মাধ্যমেও কম্পিউটার ব্যবহারকারীরা ম্যালওয়্যারের হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করে থাকে।
৩. যেহেতু প্রতিনিয়তই ম্যালওয়্যার তৈরি হচ্ছে তাই এর তৈরি, বিপণন, বিকাশের ব্যাপারটি আইনের মাধ্যমে নিষিদ্ধ করা উচিত।
৪. সব ভাইরাস বা ম্যালওয়্যারের একটি নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে। অ্যান্টিম্যালওয়্যার এসব প্যাটার্নের তালিকা সংগ্রহ করে এবং এর ভিত্তিতে ভাইরাস বা ম্যালওয়্যারটি শনাক্ত করে। তাই এ তালিকাটি নিয়মিত হালনাগাদ করার প্রয়োজন হয়। এভাবে সব সময় ভাইরাস থেকে আইসিটি যন্ত্রকে রক্ষা করা যায়।
৫. এ ছাড়া যেসব মাধ্যম যেমন পেনড্রাইভ, হার্ডডিস্ক, নেটওয়ার্ক গেটওয়ের সাহায্যে ভাইরাস ছড়ায়, সেসব ব্যবহারে সচেতন হলে এর থেকে অনেকটাই নিষ্কৃতি পাওয়া যাবে।
প্রশ্ন: ম্যালওয়্যার কী? ম্যালওয়্যারের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে লেখো।
উত্তর: ম্যালওয়্যার: ম্যালওয়্যার একধরনের সফটওয়্যার, যা কিনা অন্য সফটওয়্যারকে কাঙ্ক্ষিত কর্মসম্পাদনে বাধার সৃষ্টি করে। শুধু যে বাধার সৃষ্টি করে তা নয়, কোনো কোনো ম্যালওয়্যার ব্যবহারকারীর কম্পিউটারে রক্ষিত তথ্য চুরি করে। কোনো কোনো সময় ব্যবহারকারীর অজান্তে তার কম্পিউটার সিস্টেমে প্রবেশাধিকার লাভ করে।
প্রচলিত ও শনাক্তকৃত ম্যালওয়্যারগুলোর মধ্যে নিচের তিন ধরনের ম্যালওয়্যার সবচেয়ে বেশি দেখা যায়:
১. কম্পিউটার ভাইরাস, ২. কম্পিউটার ওয়ার্ম, ৩. ট্রোজান হর্স
নিচে এদের বর্ণনা দেওয়া হলো:
১. কম্পিউটার ভাইরাস: কম্পিউটার ভাইরাস হলো এমন একধরনের সফটওয়্যার, যা কোনো কার্যকরী ফাইলের সঙ্গে যুক্ত হয়। যখন ওই প্রোগ্রামটি চালু হয় বা চালানো হয়, তখন ভাইরাসটি অন্যান্য কার্যকরী ফাইলে সংক্রমিত হয়।
২. কম্পিউটার ওয়ার্ম: কম্পিউটার ওয়ার্ম এমন একটি প্রোগ্রাম, যা কোনো নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে এবং অন্যান্য কম্পিউটারকেও সংক্রমিত করে।
৩. ট্রোজান হর্স: ট্রোজান হর্স হলো ছদ্মবেশী সফটওয়্যার। ক্ষতিকর সফটওয়্যারের উদ্দেশ্য তখনই সফল হয়, যখন কিনা সেটিকে ক্ষতিকারক সফটওয়্যার হিসেবে চিহ্নিত করা যায় না। এ জন্য অনেক সফটওয়্যার ভালো সফটওয়্যারের আড়ালে নিজেকে ঢেকে রাখে। ব্যবহারকারী সরল বিশ্বাসে সেটি ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হয়। এটিই হলো ট্রোজান হর্সের কাজের প্রক্রিয়া। যখনই ছদ্মবেশী সফটওয়্যারটি চালু হয়, তখনই ট্রোজান হর্স কার্যকর হয়ে ব্যবহারকারীর ফাইল ধ্বংস করে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা