তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৩
প্রিয় পরীক্ষার্থী, ২০১৫ সালের জেএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়টি আবশ্যিক। বিষয়টিতে মোট নম্বর থাকবে ৫০। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ৮টি। ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে ৫। আজ অধ্যায়-৩ থেকে সংক্ষিপ্ত নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: ট্রোজান হর্স ও কম্পিউটার ওয়ার্মের সংক্রমণপদ্ধতি লেখো।
উত্তর: ট্রোজান হর্স ও কম্পিউটার ওয়ার্ম উভয়ই কম্পিউটারে সংক্রমিত হয়ে ক্ষতি করলেও এদের সংক্রমণপদ্ধতি একেবারেই আলাদা।
কম্পিউটার ওয়ার্ম একটি ক্ষতিকর প্রোগ্রাম। ব্যবহারকারীর হস্তক্ষেপ ছাড়াই নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে এবং নেটওয়ার্কের অন্যান্য কম্পিউটারকে সংক্রমিত করে। ওয়ার্ম নিজে থেকেই নেটওয়ার্ক থেকে নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে এবং নেটওয়ার্কের কম্পিউটারকে আক্রান্ত করে।
অন্যদিকে ট্রোজান হর্স হলো ছদ্মবেশী সফটওয়্যার, যা কোনো ভালো সফটওয়্যারের ছদ্মাবরণে নিজেকে আড়াল করে রাখে। ক্ষতিকর সফটওয়্যারের উদ্দেশ্য তখনই সফল হয়, যখন কিনা সেটিকে ক্ষতিকারক সফটওয়্যার হিসেবে চিহ্নিত করা যায় না। ব্যবহারকারী সরল বিশ্বাসে সেটিকে ব্যবহার করে। এটিই হলো ট্রোজান হর্স। যখনই ছদ্মবেশী সফটওয়্যারটি চালু হয়, তখনই ট্রোজানটি কার্যকর হয়ে ব্যবহারকারীর ফাইল ধ্বংস করে। ক্ষতিকর বিভিন্ন সফটওয়্যারের মধ্যে ট্রোজান হর্স বা ওয়ার্মের সংখ্যা কম্পিউটার ভাইরাসের চেয়ে বেশি।
প্রশ্ন: কম্পিউটারে ভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণগুলো কী কী?
উত্তর: কম্পিউটার ভাইরাস হলো একধরনের ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালওয়্যার, যা পুনরুত্পাদনে সক্ষম এবং এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সংক্রমিত হতে পারে।
কম্পিউটার ভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণগুলো হলো—
১. কম্পিউটারের গতি কমে যাওয়া।
২. কম্পিউটার হ্যাং হয়ে যাওয়া।
৩. কম্পিউটার ঘন ঘন রিবুট হয়।
প্রশ্ন: পাসওয়ার্ড ব্যবহারের পাঁচটি সুবিধা লেখো।
উত্তর: পাসওয়ার্ড ব্যবহার করার পাঁচটি সুবিধা নিচে দেওয়া হলো:
১. পাসওয়ার্ডের ব্যবহার ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করে।
২. হ্যাকারদের কবল থেকে তথ্যকে সুরক্ষা প্রদান করে।
৩. যন্ত্রের সফটওয়্যার রক্ষা করতে পাসওয়ার্ডের কোনো বিকল্প নেই।
৪. ব্যক্তিগত গোপনীয় তথ্য অন্যের হাতে চলে যাওয়া থেকে পাসওয়ার্ড সুরক্ষা প্রদান করে।
৫. তথ্য ও যোগাযোগপ্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার নিশ্চিত হয়।
প্রশ্ন: হ্যাকার ও হ্যাকিং বলতে কী বোঝো?
উত্তর: যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বা ব্যবহারকারীর বিনা অনুমতিতে তার কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে প্রবেশ করে, তাদের বলা হয় কম্পিউটার হ্যাকার। আর এ বিষয়টিকে বলে হ্যাকিং। নানাবিধ কারণে একজন হ্যাকার অন্যের কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক বা ওয়েবসাইটে অনুপ্রবেশ করতে পারে। এর মধ্যে রয়েছে অনৈতিকভাবে টাকা কামানো, প্রতিবাদ কিংবা চ্যালেঞ্জ করার বিষয়ও রয়েছে। তবে অনেক কম্পিউটার নিরাপত্তা বিশেষজ্ঞ হ্যাকারদের অসত্ অনুপ্রবেশকারী বলতে চান না। তাঁরা অসত্ উদ্দেশ্যে অনুপ্রবেশকারীদের ক্র্যাকার হিসেবে চিহ্নিত করতে পছন্দ করেন।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা