সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৩
প্রিয় পরীক্ষার্থী, ২০১৫ সালের জেএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়টি আবশ্যিক। বিষয়টিতে মোট নম্বর থাকবে ৫০। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ৮টি। ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে ৫। আজ অধ্যায়-৩ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: হ্যাকারের প্রকারভেদ লেখো।
উত্তর: যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বা ব্যবহারকারীর বিনা অনুমতিতে তার কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে প্রবেশ করে, তাদের বলা হয় কম্পিউটার হ্যাকার। হ্যাকারদের বিভিন্ন দলে ভাগ করা হয়। যথা:
১. হোয়াইট হ্যাট হ্যাকার ২. ব্ল্যাক হ্যাট হ্যাকার ও ৩. গ্রে হ্যাট হ্যাকার
নিচে এদের সম্পর্কে বর্ণনা দেওয়া হলো:
১. হোয়াইট হ্যাট হ্যাকার: কোনো সিস্টেমের উন্নতির জন্য সেটির নিরাপত্তা ছিদ্রগুলো খুঁজে বের করে। এদের এথিক্যাল হ্যাকারও বলা হয়।
২. ব্ল্যাক হ্যাট হ্যাকার: অসত্ উদ্দেশ্যে কম্পিউটারের ক্ষতি করে থাকে।
৩. গ্রে হ্যাট হ্যাকার: নিরাপত্তাব্যবস্থা দুর্বল করে কম্পিউটারের ক্ষতি করে থাকে।
প্রশ্ন: তথ্য অধিকার এবং আইনে কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং কেন?
উত্তর: তথ্য অধিকার এবং আইনে যে বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে, তা হলো:
১. কর্তৃপক্ষের গঠন, কাঠামো ও দাপ্তরিক কর্মকাণ্ড সংক্রান্ত যেকোনো স্মারক। ২. বই, নকশা, মানচিত্র, চুক্তি, তথ্য-উপাত্ত, লগবই, আদেশ পত্র।
৩. বিজ্ঞপ্তি ও প্রতিবেদন। ৪. দলিল, নমুনাপত্র।
৫. হিসাব বিবরণী।
৬. প্রকল্প প্রস্তাব।
৭. আলোকচিত্র ও অঙ্কিতচিত্র।
৮. অডিও, ভিডিও ও ফিল্ম।
৯. ইলেকট্রনিক প্রক্রিয়ায় প্রস্তুতকৃত যেকোনো যন্ত্রাংশ।
১০. যান্ত্রিকভাবে পাঠকৃত দলিলাদি এবং ভৌতিক গঠন ও বৈশিষ্ট্য-নির্বিশেষে অন্য যেকোনো তথ্যবহ বস্তু বা এদের প্রতিলিপি।
ব্যক্তিপ্রতিষ্ঠান সরকারি বা বেসরকারি সংস্থা প্রতিনিয়ত বিভিন্ন তথ্য সৃষ্টি করে। রাষ্ট্রীয় কার্যাবলির সঙ্গে সম্পৃক্ত এবং জনগণের জন্য গুরুত্বপূর্ণ এসব তথ্য জানা জনগণের অধিকার। তথ্য অধিকার আইনে যে তথ্যগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে, সে সম্পর্কে না জানলে জনগণ তাদের দায়িত্ব, রাষ্ট্রীয় নিয়মনীতি, সরকারি কর্মকাণ্ড, রাষ্ট্রীয় ব্যবস্থা সম্পর্কে নিশ্চিত হতে পারবে না। এসব আইন না মানলে যে-কেউ শাস্তি পেতে বাধ্য থাকে। বিশ্বের দেশে দেশে এ আইনের আওতায় প্রতিটি প্রতিষ্ঠান তাদের তথ্যগুলো প্রকাশ করতে বাধ্য থাকে। তথ্য অধিকার আইনে তথ্যপ্রাপ্তিকে ব্যক্তির চিন্তা, বিবেক ও বাক্স্বাধীনতার পূর্বশর্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা