সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয় থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
রাজু তার বন্ধুর কম্পিউটার থেকে বন্ধুর অজান্তে ‘অ’ ও ‘ই’ সফটওয়্যার দুটি সিরিয়াল নম্বরসহ নিয়ে নিজের কম্পিউটারে ব্যবহার করা শুরু করল এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিকট সরবরাহ করল। পরে রাজু ইন্টারনেটে ওই সফটওয়্যার দুটির ব্যবহার সম্পর্কে জানতে গিয়ে দেখতে পেল ‘অ’ সফটওয়্যারটির কিছু মূল্য রয়েছে ও ‘ই’ সফটওয়্যারটি একটি ফ্রিওয়্যার। পরে রাজু ‘অ’ সফটওয়্যারটির মূল্য পরিশোধের জন্য ইন্টারনেটের মাধ্যমে ব্যবস্থা নেয়।
ক. ভিডিও কনফারেন্স কী?
খ. হ্যাকিং কোন ধরনের কর্মকাণ্ড—ব্যাখ্যা করো।
গ. ‘অ’ সফটওয়্যার কী ধরনের, তা কারণসহ নির্ধারণ করো।
ঘ. রাজুর নৈতিকতার মূল্যায়ন করো।
উত্তর-ক
ইন্টারনেটের মাধ্যমে দুইয়ের অধিক ব্যক্তির মাঝে একই সময়ে অডিও-ভিডিও (অডিও ভিজ্যুয়াল) যোগাযোগব্যবস্থাকে ভিডিও কনফারেন্সিং বলে।
উত্তর-খ
নৈতিকতার আলোকে হ্যাকিং একটি অনৈতিক কর্মকাণ্ড। কারণ হ্যাকিং হলো ইন্টারনেটের মাধ্যমে অন্যের কম্পিউটারের ডেটা চুরি করা এবং ওয়েবসাইটে প্রবেশ অযোগ্য করা।
উত্তর-গ
সফটওয়্যারটি হলো কপিরাইটেড সফটওয়্যার।
যে সফটওয়্যারে সিরিয়াল নম্বর থাকে এবং ব্যবহারের জন্য মূল্য পরিশোধ করতে হয়, তাকে কপিরাইটেড সফটওয়্যার বলে।
উদ্দীপক অনুসারে ‘অ’ সফটওয়্যারটি হলো কপিরাইটেড সফটওয়্যার। কারণ, এর একটি সিরিয়াল নম্বর আছে এবং দামও নির্ধারণ করা আছে।
উত্তর-ঘ
রেজিস্টার্ড সফটওয়্যার পাইরেসি একটি অন্যায় কাজ।
কম্পিউটারের ব্যবহারকারীর অনুমতি ব্যতিরেকে তার কম্পিউটার ব্যবহার করা ও সেখানে কোনো ডেটা ইনপুট বা আউটপুট করা উচিত নয়। রেজিস্টার্ড সফটওয়্যার একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ। মূল্য পরিশোধ না করে এটি ব্যবহার করা অনৈতিক।
উদ্দীপক অনুসারে রাজু তার বন্ধুর কম্পিউটার থেকে বন্ধুর অজান্তে দুটি ‘অ’ ও ‘ই’ সফটওয়্যার নিয়ে আসে। এতে তার চৌর্যবৃত্তিক মনোভাব ফুটে উঠেছে। আবার অন্যের কম্পিউটারের বিষয়াবলি ব্যবহারকারীর অনুমতি ব্যতিরেকে ব্যবহার করাও একটি অন্যায় কাজ। ক্রয়কৃত ‘অ’ সফটওয়্যার বন্ধুর অনুমতি ব্যতিরেকে বিলি করাও একটি অন্যায় কাজ। এর মাধ্যমে ‘অ’ সফটওয়্যারটির ক্ষেত্রে রাজু পাইরেসির সূচনা করে এবং বন্ধুদের অনুরূপ কাজে উদ্বুদ্ধ করে। ফলে ‘অ’ সফটওয়্যারটির উত্পাদনকারী ক্ষতির সম্মুখীন হয়েছে। ‘ই’ সফটওয়্যারটি একটি ফ্রিওয়্যার, যা প্রচারের জন্যই উত্পাদন করা হয়। এর প্রচার-প্রসারের মাধ্যমে উদ্দীপকের রাজু এই সফটওয়্যারটির জন্য অনুুকূল কর্মকাণ্ড পরিচালনা করেছে।
ওই সব কাজের জন্য রাজুর অনুশোচনা হয় এবং সে ‘অ’ সফটওয়্যারটির দাম পরিশোধের মাধ্যমে নিজেকে সংশোধন করার চেষ্টা করেছে। উদ্দীপকের রাজুর কর্মকাণ্ড আইসিটির ক্ষেত্রে অনৈতিক কাজের প্রতিফলন ঘটলেও দাম পরিশোধের মাধ্যমে তার মূল্যবোধের ইতিবাচক দিক প্রকাশিত হয়েছে।
মাস্টার ট্রেইনার
প্রভাষক, রাউজান কলেজ, চট্টগ্রাম