তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর: অধ্যায়-১
প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের অধ্যায়-১ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

জিকো অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য সুপারভাইজার প্রফেসরের কাছে স্কাইপে ইন্টারভিউ দেয় এবং প্রয়োজনীয় ডকুমেন্ট ডিজিটাল ডাকব্যবস্থায় পাঠায়। জিকোর ছোট বোন শ্রাবণী রাউজান কলেজে একাদশ শ্রেণিতে পড়ে। রাউজান কলেজের শিক্ষকেরা মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান করেন।

ক. গ্লোবাল ভিলেজ কী?
খ. ‘বেকার জনগোষ্ঠীর একটি সম্মানজনক কর্মসংস্থান হলো আউটসোর্সিং’—বুঝিয়ে লেখো।
গ. জিকোর পিএইচডি প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ভূমিকা কী? ব্যাখ্যা করো।
ঘ. রাউজান কলেজের পাঠদান পদ্ধতি এ দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য উপযোগী কি না? বিশ্লেষণপূর্বক তোমার মতামত দাও।

উত্তর-ক
গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটি পরিবেশ, যেখানে পৃথিবীর সব মানুষই একটি একক সমাজে বসবাস করে এবং ইলেকট্রনিক মিডিয়া ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একে অপরকে সেবা প্রদান করে থাকে।

উত্তর-খ
কোনো প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেওয়াকে আউটসোর্সিং বলে। আউটসোর্সিংয়ের সাহায্যে বেকার জনগোষ্ঠী তাদের শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা কাজে লাগিয়ে আয় করে আর্থিকভাবে সচ্ছল হতে পারে। তাই বেকার জনগোষ্ঠীর একটি সম্মানজনক কর্মসংস্থান হলো আউটসোর্সিং।

উত্তর-গ
বিশ্বগ্রাম-সংশ্লিষ্ট উপাদান যোগাযোগের দুটি মাধ্যম ই-মেইল ও ভিডিও কনফারেন্স বা স্কাইপে ইন্টারভিউ জিকোর পিএইচডি প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে ভূমিকা রেখেছে। ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হচ্ছে একটি আন্তর্জাতিক ডিজিটাল ইলেকট্রনিক ডাকব্যবস্থা। ইন্টারনেট সংযোগসহ ই-মেইল অ্যাকাউন্ট বা অ্যাড্রেসধারী প্রেরক ও প্রাপকের মধ্যে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুতগতিতে তথ্য বিনিময় সম্ভব। টেলিকমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে দুই বা ততোধিক ভৌগোলিক অবস্থানে অডিও ও ভিডিওর যুগপত্ উভয়মুখী স্থানান্তর করার প্রক্রিয়াকে ভিডিও কনফারেন্সিং বলে। জিকো অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য সুপারভাইজার প্রফেসরের কাছে স্কাইপে ইন্টারভিউ দেয়। স্কাইপে ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে পরস্পর পরস্পরকে দেখে কথা বলতে পেরেছে। তাই এটি ভিডিও কনফারেন্স। জিকো প্রয়োজনীয় ডকুমেন্ট ডিজিটাল ডাকব্যবস্থায় পাঠায়। অর্থাত্ জিকো ই-মেইলের মাধ্যমে প্রয়োজনীয় ডকুমেন্ট পাঠিয়েছে।

উত্তর-ঘ
রাউজান কলেজের পাঠদান পদ্ধতি হলো ডিজিটাল ক্লাসরুমের সাহায্যে পাঠদান করা। ডিজিটাল ক্লাসরুমের সাহায্যে পাঠদান করার পদ্ধতিটি এ দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও উপযোগী। ডিজিটাল উপকরণ ল্যাপটপ, প্রজেক্টর, মাইক্রোফোন, স্পিকার ইত্যাদি সমৃদ্ধ ক্লাসরুমকে ডিজিটাল ক্লাসরুম বলে। ডিজিটাল ক্লাসরুম একটি আধুনিক শিক্ষার পরিবেশ। ডিজিটাল ক্লাসরুমে সনাতন পদ্ধতির ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার, হোয়াইটবোর্ড, মার্কারের পরিবর্তে ডিজিটাল উপকরণ ব্যবহার করে পাঠদান ও পাঠ গ্রহণ সহজ, সাবলীল ও আকর্ষণীয় হয়। রাউজান কলেজের শিক্ষকেরা মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান করেন। অতএব, রাউজান কলেজের শিক্ষকেরা যে রুমে পাঠদান করেন, সেটি ডিজিটাল ক্লাসরুম। ডিজিটাল ক্লাসরুমের সাহায্যে পাঠদান করার পদ্ধতিটি এ দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য উপযোগী। কারণ, ডিজিটাল ক্লাসরুম প্রতিষ্ঠার জন্য ডিজিটাল উপকরণের সঙ্গে বিদ্যুত্-সংযোগসহ ন্যূনতম অবকাঠামো দরকার, যা আমাদের দেশের প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানেই রয়েছে। শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করা গেলে ডিজিটাল ক্লাসরুমের এই পদ্ধতিটি সার্থকভাবে ব্যবহার করা সম্ভব।
মাস্টার ট্রেইনার, প্রভাষক, রাউজান কলেজ, চট্টগ্রাম