সৃজনশীল প্রশ্নোত্তর: অধ্যায়-১
প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের অধ্যায়-১ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
মকবুল কম্পিউটারে প্রশিক্ষণ নেয়। বিদেশে যাওয়ার লক্ষ্যে সে ইউনিয়ন তথ্যকেন্দ্রে গিয়ে নিবন্ধন করে। তথ্যকেন্দ্র থেকেই সে তার যাবতীয় তথ্য, ছবি ইত্যাদি প্রেরণ করে। এ ছাড়া দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরির খবর এসব তথ্যকেন্দ্রের মাধ্যমে মকবুল সহজেই পেয়ে যায় এবং এভাবেই সে একদিন মালয়েশিয়ার একটি কলসেন্টারে চাকরি পেয়ে যায়। তার পাঠানো অর্থেই মকবুলের বাড়িতে এ বছর পাকা ঘর উঠছে। বন্ধকি জমি ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা হয়েছে। পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া ছোট ভাই এবার বিএ পরীক্ষার ফরম পূরণ করেছে।
ক. www কী?
খ. তথ্যপ্রযুক্তি-নির্ভর বিশ্বই বিশ্বগ্রাম—ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বিশ্বগ্রামের কোন অবদানটি প্রতিফলিত হয়েছে? বিশ্লেষণ করো।
ঘ. মকবুলের বর্তমান অবস্থার জন্য তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সহায়ক ভূমিকা পালন করেছে—তুমি কি একমত? যুক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তর-ক
পৃথিবীর বিভিন্ন দেশে সার্ভারে রাখা পরস্পর সংযোগযোগ্য ওয়েবপেজকে World Wide Web বা সংক্ষেপে www বলে।
উত্তর-খ
বিশ্বগ্রাম এমন একটি পরিবেশ, যেখানে পৃথিবীর সব মানুষ একক সমাজে বসবাস করে এবং ইলেকট্রনিক মিডিয়া ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একে অপরকে সেবা প্রদান করে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তির বিস্তৃত ব্যবহার তথা তথ্য আদান-প্রদানের জন্য ইনফরমেশন সুপার হাইওয়ের সঙ্গে সংযোগ ছাড়া বিশ্বগ্রামের ধারণা অসম্ভব।
উত্তর-গ
বিশ্বগ্রামের অনেক অবদানের মধ্যে কর্মসংস্থান অন্যতম। তথ্যপ্রযুক্তির ব্যাপক প্রসারের ফলে নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হয়েছে। এসব কর্মক্ষেত্রের খবরাখবর ও সংশ্লিষ্ট প্রশিক্ষণ তথ্যপ্রযুক্তির সাহায্যে সহজে জানা যায়। মকবুল কম্পিউটারে প্রশিক্ষণ নিয়ে ইউনিয়ন তথ্যকেন্দ্র থেকে প্রাপ্ত চাকরির বিজ্ঞপ্তির মাধ্যমে চাকরি পায়।
বিশ্বগ্রামব্যবস্থার কারণে তথ্যের অবাধ আদান-প্রদান হয়। এতে নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হয়। ওই কর্মক্ষেত্রের একটিতে মকবুল নিজেকে যোগ্য প্রমাণ করে। এভাবে উদ্দীপকে বিশ্বগ্রামের কর্মসংস্থান অবদানটি সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে।
উত্তর-ঘ
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করতে পারে। মকবুলের প্রশিক্ষণ গ্রহণ ও তা কাজে লাগিয়ে কর্মসংস্থানের মাধ্যমে নিজেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে, যার পেছনে তথ্যপ্রযুক্তিই মুখ্য ভূমিকা পালন করেছে। ইউনিয়ন তথ্যকেন্দ্র থেকে প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে দেশের বাইরে যোগাযোগ করে এবং কলসেন্টারে চাকরির আবেদন ও চূড়ান্তভাবে চাকরিপ্রাপ্তির প্রতিটি পর্যায়ে মকবুলকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ইন্টারনেটসুবিধা ব্যবহার করতে হয়েছে। তাই মকবুলের বর্তমান অবস্থায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সহায়ক ভূমিকা পালন করেছে এ ব্যাপারে আমি সম্পূর্ণ একমত।
মাস্টার ট্রেইনার
প্রভাষক, রাউজান কলেজ, চট্টগ্রাম