রচনামূলক প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ওপর রচনামূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: সামাজিক নেটওয়ার্ক কী? সামাজিক নেটওয়ার্ক ব্যবহারের সুফল ও কুফলগুলো কী কী?
উত্তর: সামাজিক নেটওয়ার্ক বলতে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটকে বোঝায়। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কের মধ্যে রয়েছে ফেসবুক ও টুইটার। সামাজিক নেটওয়ার্ক ব্যবহারের সুফলের পাশাপাশি কুফলও রয়েছে। নিচে এগুলো বর্ণনা করা হলো:
সুফলসমূহ
১. মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বৃদ্ধি।
২. সামাজিক নেটওয়ার্কে একে অন্যের সঙ্গে ছবি, ভিডিও বা তথ্য বিনিময় করতে পারে।
৩. ই-মেইল পাঠাতে পারে বা গ্রহণ করতে পারে, মেসেজ দেওয়া-নেওয়া করতে পারে।
৪. এর মাধ্যমে ভিডিও চ্যাটিং করার ব্যবস্থাও রয়েছে।
কুফলসমূহ
১. সামাজিক নেটওয়ার্কের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা সত্যিকারের যোগাযোগের অনুভূতিকে কমিয়ে দিচ্ছে। এর ফলে ব্যবহারকারীরা একেই সত্যিকারের সম্পর্ক ভাবতে শুরু করে।
২. বাইরে ঘুরে বেড়ানো, খেলাধুলা, মানুষের সঙ্গে মেলামেশার দক্ষতা এবং ইচ্ছা কমে যায়। এর ফলে মানসিকভাবে হতাশায় ভোগার আশঙ্কাও দেখা দিতে পারে।
প্রশ্ন: হাব, সুইচ ও রাউটারের বর্ণনা দাও।
উত্তর: হাব: দুইয়ের অধিক কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক তৈরি করতে হলে এমন একটি কেন্দ্রীয় ডিভাইসের দরকার হয়, যা প্রতিটি কম্পিউটারকে সংযুক্ত করতে পারে। এই ডিভাইসকে হাব বলে। হাবের মাধ্যমে কম্পিউটারগুলো পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। নেটওয়ার্কে হাব ব্যবহার করলে তুলনামূলকভাবে খরচ কম পড়ে।
সুইচ: সুইচ হলো বহু পোর্টবিশিষ্ট কম্পিউটার নেটওয়ার্ক ডিভাইস, যা তথ্য আদান-প্রদান করতে সাহায্য করে। বাইরে থেকে সুইচ দেখতে হাবের মতো মনে হলেও এটি ভিন্ন পদ্ধতিতে নেটওয়ার্কের ক্লায়েন্টের মধ্যে ডেটা আদান-প্রদান করে।
রাউটার: রাউটার একটি বুদ্ধিমান যন্ত্র, যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরি। দুই বা দুইয়ের অধিক একই প্রটোকলযুক্ত নেটওয়ার্কের মধ্যে ডেটা আদান-প্রদান করে। একটি নেটওয়ার্ক হাব ও সুইচের সমন্বয়ে তৈরি হয়। রাউটার দুটি ভিন্ন নেটওয়ার্কের মধ্যে অবস্থান করে। দুইয়ের বেশি ভিন্ন নেটওয়ার্কের মধ্যেও অবস্থান করতে পারে।
প্রশ্ন: ল্যান কার্ড কী? বিভিন্ন ধরনের ল্যান কার্ড সম্পর্কে ধারণা দাও।
উত্তর: ল্যান কার্ড (LAN Card) হলো Local Area Network Card। দুটি বা অধিকসংখ্যক কম্পিউটারকে একসঙ্গে যুক্ত করতে ল্যান কার্ডের প্রয়োজন হয়। অর্থাত্ আমরা যদি নেটওয়ার্ক গড়ে তুলতে চাই, তবে অবশ্যই ল্যান কার্ডের প্রয়োজন হবে। নেটওয়ার্কের সঙ্গে যুক্ত এক আইসিটি যন্ত্র থেকে অন্য যন্ত্রে কোনো ডেটা পাঠাতে বা গ্রহণ করতে ল্যান কার্ডের প্রয়োজন হয়। বর্তমানে প্রায় সব কম্পিউটার বা ল্যাপটপের মাদারবোর্ডের সঙ্গেই ল্যান কার্ড সংযুক্ত অবস্থায় থাকে। তারপরও কিছু আইসিটি যন্ত্রে আলাদা করে ল্যান কার্ড সংযুক্ত করতে হয়। প্রযুক্তির উন্নয়নের ফলে এখন তারবিহীন ল্যান কার্ড খুবই সাধারণ। এর ফলে তারের ঝামেলা থেকে রক্ষা পাওয়া যায়। আধুনিক অফিসগুলোতে তারবিহীন ল্যান কার্ডই এখন সবার পছন্দ।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মাস্টার ট্রেইনার, প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা