*রচনামূলক প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ওপর রচনামূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার কী?
উত্তর: মানুষের তৈরি যেসব বস্তু নির্দিষ্ট কতকগুলো কাজের জন্য পৃথিবীর চারদিকে মহাশূন্যে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে পারে, তাদের স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ বলে। স্যাটেলাইটকে যদি ২৪ ঘণ্টায় একবার পৃথিবীর চারদিকে ঘুরিয়ে আনা যায়, তাহলে পৃথিবী থেকে মনে হয় সেটা যেন আকাশের কোনো এক জায়গায় স্থির হয়ে আছে। এ ধরনের স্যাটেলাইটকে জিও স্টেশনারি স্যাটেলাইট বলে। আকাশে জিও স্টেশনারি স্যাটেলাইট বসানো হলে পৃথিবীর এক প্রান্ত থেকে সেখানে সিগন্যাল পাঠানো যায়। স্যাটেলাইট সেই সিগন্যালটিকে নতুন করে পৃথিবীর অন্য পৃষ্ঠে পাঠিয়ে দিতে পারে। এ পদ্ধতিতে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রেডিও, টেলিফোন, মোবাইল ফোন বা ইন্টারনেটে সিগন্যাল পাঠানো যায়।
অপটিক্যাল ফাইবার: পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সিগন্যাল প্রেরণে স্যাটেলাইটের পাশাপাশি অপটিক্যাল ফাইবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু একধরনের কাচের তন্তু। শব্দ বা বিদ্যুত্শক্তিকে আলোকশক্তিতে রূপান্তর করার পর তা অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। অপটিক্যাল ফাইবারে যে আলোকে সিগন্যাল হিসেবে পাঠানো হয়, সেটি ইনফ্রারেড আলো এবং এ আলো আমাদের চোখে দৃশ্যমান নয়। প্রেরক যন্ত্রের মাধ্যমে অ্যানালগ বা ডিজিটাল সংকেতকে প্রয়োজনীয় মডুলেশন করে আলোক সিগন্যাল হিসেবে রূপান্তর করে অপটিক্যাল ফাইবারে প্রেরণ করা হয়। অপটিক্যাল ফাইবারে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে তা গ্রাহক যন্ত্রে পৌঁছায়। গ্রাহক যন্ত্র কিছু প্রক্রিয়াকরণ শেষে এ সিগন্যাল ব্যবহারকারীর কাছে পৌঁছে দেয়। অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে অনেক বেশি সিগন্যাল পাঠানো সম্ভব হয়। একটি অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে একসঙ্গে কয়েক লাখ টেলিফোন কল পাঠানো সম্ভব।
বর্তমানে অপটিক্যাল ফাইবার দ্বারা যোগাযোগ এত উন্নত হয়েছে যে পৃথিবীর সব দেশই অপটিক্যাল ফাইবারের নেটওয়ার্ক দিয়ে একে-অন্যের সঙ্গে সংযুক্ত। এখন সমুদ্রের তলদেশে সাবমেরিন কেব্ল দিয়ে তথ্য এক দেশ থেকে অন্য দেশে পাঠানো সম্ভব হচ্ছে।
প্রশ্ন: হাব ও সুইচের মধ্যে পার্থক্য লেখো।
উত্তর: হাব ও সুইচের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো:
হাব সুইচ
১. ডেটা আদান-প্রদানে বাধার আশঙ্কা থাকে। ১. ডেটা আদান-প্রদানের ক্ষেত্রে কোনো বাধার আশঙ্কা থাকে না।
২. ডেটা সিগন্যাল প্রাপক কম্পিউটারের সব পোর্টে পাঠায়। অর্থাত্ নেটওয়ার্কের সব কম্পিউটারের কাছে পাঠায়। ২. প্রেরক কম্পিউটার থেকে সুনির্দিষ্ট ঠিকানায় প্রাপক কম্পিউটারের কাছে ডেটা পাঠায়।
৩. পোর্ট কম। অনেক বড় নেটওয়ার্ক তৈরিতে ব্যবহার করা যায় না। ৩. পোর্ট বেশি। তাই অনেক বড় নেটওয়ার্ক তৈরি করা যায়।
৪. সময় বেশি লাগে। ৪. সময় কম লাগে।
৫. নিরাপত্তা কম। ৫. নিরাপত্তাব্যবস্থা ভালো।
৬. দাম কম। ৬. দাম বেশি।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মাস্টার ট্রেইনার, প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা