রচনামূলক প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ওপর রচনামূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: মডেম কী? মডেম কীভাবে কাজ করে, বর্ণনা করো।
উত্তর: মডেম একটি নেটওয়ার্ক যন্ত্র। মূলত টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেটের নেটওয়ার্কে যুক্ত থাকার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ যন্ত্র হলো মডেম।
Modem শব্দটি তৈরি হয়েছে Modulator-এর Mo এবং Demodulator-এর Dem—এই দুটি অংশের সমন্বয়ে। মডেম তার দ্বারা সংযুক্ত বা তারবিহীন প্রযুক্তিতে ব্যবহূত হতে পারে। এটি কম্পিউটারের ভেতরেও থাকতে পারে, আবার কম্পিউটারের বাইরেও থাকতে পারে। বর্তমানে DSL ও WiFi মডেম ব্যাপকভাবে ব্যবহূত হচ্ছে। মডেম সিগন্যাল আদান-প্রদানে একটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে। ইন্টারনেটের মাধ্যমে ডেটা পাঠানোর জন্য বহনকারী সিগন্যাল দরকার হয়। আর মডেমে ডিজিটাল সংকেতকে অ্যানালগ এবং অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে পাঠায়।
কম্পিউটার ডিজিটাল সংকেত তৈরি করে। তখন এর সঙ্গে সংযোগকারী মডেমের মডুলেটর অংশ এই ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে নেটওয়ার্কে পাঠায়। এরপর প্রাপক কম্পিউটারে এই সিগন্যাল পৌঁছালে প্রাপক কম্পিউটারের সঙ্গে যুক্ত মডেমের ডিমডুলেটর এই অ্যানালগ সংকেতকে কম্পিউটারের উপযোগী ডিজিটাল সংকেতে রূপান্তর করে কম্পিউটারে পাঠিয়ে দেয়।
এই মডেম প্রাপক ও প্রেরক উভয় ক্ষেত্রেই টেলিফোন লাইন এবং কম্পিউটারের মাঝে যুক্ত থাকে। এ কারণে প্রেরক ও প্রাপকের কোনো কম্পিউটারের জন্যই ডেটা প্রেরণ ও গ্রহণে কোনো অসুবিধা হয় না।
প্রশ্ন: কম্পিউটার নেটওয়ার্কের নিরাপত্তা রক্ষায় করণীয় পদক্ষেপগুলো কী কী?
উত্তর: প্রতিটি কম্পিউটার বা নেটওয়ার্কেরই নিরাপত্তাব্যবস্থা থাকে। কেউ যেন সেই নিরাপত্তার দেয়াল ভেঙে ঢুকতে না পারে, তার চেষ্টা করা হয়। নিরাপত্তার এই অদৃশ্য দেয়ালকে ফায়ারওয়াল বলা হয়।
নিরাপত্তা নিশ্চিত করতে নেটওয়ার্কের ভেতর দিয়ে যাওয়ার সময় পাসওয়ার্ড দেওয়া হয়। পাসওয়ার্ডটি এমনভাবে দেওয়া হয় যেন কেউ সেটি সহজে অনুমান করতে না পারে।
অসাধু ব্যক্তির হাত থেকে তথ্য রক্ষায় নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন ও সচেতনতা জরুরি। অপরাধী বা অসাধু ব্যক্তির হাতে পাসওয়ার্ড পড়লে পৃথিবীতে বিপর্যয় নেমে আসবে। তাই এর নিরাপত্তা রক্ষায় আমাদের সচেতন
হতে হবে।
প্রশ্ন: সফটওয়্যার কী? ক্ষতিকারক সফটওয়্যার কীভাবে কম্পিউটারের ক্ষতিসাধন করে?
উত্তর: সফটওয়্যার হলো এক বা একাধিক প্রোগ্রামের সমষ্টি, যা বিশেষ কোনো কার্য সম্পাদনের জন্য তৈরি করা হয়।
কম্পিউটারে কোনো কাজ করতে গেলে সেটি প্রোগ্রামিংয়ের মাধ্যমে সম্পন্ন করতে হয়। সাধারণত কম্পিউটারে দুই ধরনের সফটওয়্যার বা প্রোগ্রামগুচ্ছ থাকে। ক্ষতিকর সফটওয়্যারকে ম্যালওয়্যার বলে, যা নানাভাবে কম্পিউটারের ক্ষতিসাধন করে।
যেমন:
১. নানা ধরনের প্রয়োজনীয় সফটওয়্যারের কাজে বিঘ্ন ঘটায়।
২. বিভিন্ন হার্ডওয়্যারের সফটওয়্যার ইন্টারফেস বিনষ্ট করতে পারে।
৩. কম্পিউটারের নির্দিষ্ট অংশের বা সম্পূর্ণ কম্পিউটারের কার্যক্ষমতাকে নষ্ট করে দিতে পারে।
৪. কোনো কোনো ম্যালওয়্যার ব্যবহারকারীর কম্পিউটারে রক্ষিত তথ্য চুরি করে।
৫. কম্পিউটারের কাজ করার নিয়মিত গতি কমিয়ে
দিতে পারে।
৬. কম্পিউটারের সিস্টেম ফাইলের ক্ষতি করতে পারে।
তাই ম্যালওয়্যার থেকে আমাদের সবার সাবধান থাকা উচিত।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মাস্টার ট্রেইনার, প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা