তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রচনামূলক প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ওপর রচনামূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: ম্যালওয়্যার কী? ম্যালওয়্যারের প্রকারভেদ সম্পর্কে লেখো।

উত্তর: ম্যালওয়্যার: ম্যালওয়্যার একধরনের ক্ষতিকর সফটওয়্যার, যা অন্য সফটওয়্যারকে কাঙ্ক্ষিত কাজ করতে বাধার সৃষ্টি করে। শুধু যে বাধার সৃষ্টি করে তা নয়, কোনো কোনো ম্যালওয়্যার ব্যবহারকারীর কম্পিউটারের রক্ষিত তথ্য চুরি করে। কোনো কোনো সময় ব্যবহারকারীর অজান্তে তার কম্পিউটার সিস্টেমে প্রবেশাধিকার লাভ করে।

প্রচলিত ও শনাক্তকৃত ম্যালওয়্যারগুলোর মধ্যে নিচের তিন ধরনের ম্যালওয়্যার সবচেয়ে বেশি দেখা যায়—

১. কম্পিউটার ভাইরাস ২. কম্পিউটার ওয়ার্ম

৩. ট্রোজান হর্স।

কম্পিউটার ভাইরাস: কম্পিউটার ভাইরাস হলো এমন একধরনের সফটওয়্যার, যা কোনো কার্যকরী ফাইলের সঙ্গে যুক্ত হয়। যখন ওই প্রোগ্রামটি চালু হয় বা চালানো হয়, তখন ভাইরাসটি অন্যান্য কার্যকরী ফাইলে

সংক্রমিত হয়।

কম্পিউটার ওয়ার্ম: কম্পিউটার ওয়ার্ম হলো সেই প্রোগ্রাম, যা কোনো নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে এবং অন্যান্য কম্পিউটারকেও সংক্রমিত করে।

ট্রোজান হর্স: ট্রোজান হর্স হলো ছদ্মবেশী সফটওয়্যার। ক্ষতিকর সফটওয়্যারের উদ্দেশ্য তখনই সফল হয়, যখন কিনা সেটিকে ক্ষতিকারক সফটওয়্যার হিসেবে চিহ্নিত করা যায় না। এ জন্য অনেক সফটওয়্যার ভালো সফটওয়্যারের আড়ালে নিজেকে ঢেকে রাখে। ব্যবহারকারী সরল বিশ্বাসে সেটি ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হয়। এটি হলো ট্রোজান হর্সের কাজের প্রক্রিয়া। যখনই ছদ্মবেশী সফটওয়্যারটি চালু হয়, তখনই ট্রোজান হর্স কার্যকর হয়ে ব্যবহারকারীর ফাইল ধ্বংস করে।

প্রশ্ন: ম্যালওয়্যার কেমন করে কাজ করে? বর্ণনা করো।

উত্তর: যেসব কম্পিউটার সিস্টেমে সফটওয়্যার নিরাপত্তাব্যবস্থার ত্রুটি থাকে, সেসব ক্ষেত্রে ম্যালওয়্যার তৈরির সুযোগ সৃষ্টি হয়। ম্যালওয়্যার যেসব প্রোগ্রামিং কোড ব্যবহারে তৈরি করা হয়, সেসব প্রোগ্রাম কম্পিউটারের জন্য ক্ষতিকর। কেবল নিরাপত্তা-ত্রুটি নয়, ডিজাইনে ভুল থাকলেও সফটওয়্যারটিকে অকার্যকর করার জন্য ম্যালওয়্যার তৈরি করা সম্ভব হয়। বর্তমান বিশ্বে প্রচলিত অপারেটিং সিস্টেমের মধ্যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ম্যালওয়্যারের সংখ্যা অন্যান্য অপারেটিং সিস্টেমের তুলনায় বেশি। এর একটি কারণ, বিশ্বে উইন্ডোজ ব্যবহারকারীর সংখ্যা বেশি। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ভেতরের খবর কেউ জানে না। কাজে কোনো ভুল বের করতে পারলে সে সেটিকে ব্যবহার করতে পারে এবং ম্যালওয়্যার তৈরি করতে পারে। ইন্টারনেটের বিকাশের আগে ম্যালওয়্যারের সংখ্যা খুবই কম ছিল। যখন থেকে ইন্টারনেটের মাধ্যমে ম্যালওয়্যারকে ছড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে, তখন থেকেই ম্যালওয়্যারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

প্রশ্ন: কম্পিউটার ভাইরাস কী? এর বৈশিষ্ট্যগুলো লেখো। 

উত্তর: কম্পিউটার ভাইরাস হলো একধরনের ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালওয়্যার, যা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সংক্রমিত হতে পারে। কম্পিউটার ভাইরাস কম্পিউটারের বিভিন্ন কাজ ব্যাহত করতে তৈরি করা হয়।

কম্পিউটার ভাইরাসের বৈশিষ্ট্যাবলি নিচে দেওয়া হলো—

১. কম্পিউটার ভাইরাস পুনরুত্পাদনে সক্ষম এবং এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সংক্রমিত

হতে পারে।

২. এটি একধরনের ক্ষতিকর প্রোগ্রাম বা প্রোগ্রামগুচ্ছ।

৩. ব্যবহারকারীর হস্তক্ষেপ ছাড়া এটি সংক্রমিত হতে পারে না।

৪. এটি বহনের জন্য মাধ্যমের প্রয়োজন হয়।

৫. বিভিন্ন রকম ভাইরাসের ক্ষতি করার ক্ষমতা বিভিন্ন ধরনের হয়।

৬. ভাইরাস স্থায়ী ও অস্থায়ী—দুই ধরনের হতে পারে।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

মাস্টার ট্রেইনার, প্রভাষক

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা