তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায়-২ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
দেশের প্রতিটি বিভাগীয় শহরে ‘ক’ ব্যাংকের একটি করে শাখা রয়েছে। বিভাগীয় শহরের প্রতিটি শাখার কম্পিউটারগুলো Switch-এর মাধ্যমে Client Server Network-এর অন্তর্ভুক্ত। সেখানে ব্যাংক কার্যক্রমে বিঘ্ন না ঘটিয়ে কম্পিউটার সহজে বাড়ানো-কমানোর সুযোগ রয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ ভবিষ্যত্ পরিকল্পনার অংশ হিসেবে গ্রাহকসেবা বৃদ্ধির জন্য দেশের সব শাখাকে একই নেটওয়ার্কের আওতায় আনতে চাইছে। সেই লক্ষ্যে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হলো।
প্রশ্ন:
ক. Bluetooth কী?

খ. Optical Fiber-এ data দ্রুত প্রবাহিত হয়—ব্যাখ্যা করো।
গ. প্রতিটি শাখায় কোন ধরনের topology ব্যবহূত হয়েছে—ব্যাখ্যা করো।
ঘ. দেশের সব শাখাকে একই নেটওয়ার্কের আওতায় আনতে বিশেষজ্ঞের পরামর্শের যৌক্তিকতা কী হতে পারে—তোমার মতামত তুলে ধরো।

উত্তর-ক.
Bluetooth : ব্লু-টুথ হলো একটি ওয়্যারলেস প্রযুক্তি, যা স্বল্প দূরত্বে (১০ থেকে ১০০ মিটার) ডেটা আদান-প্রদানের জন্য ব্যবহূত হয়।
উত্তর-খ.
অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে ডেটার স্থানান্তর প্রক্রিয়া: শব্দশক্তি অথবা বৈদ্যুতিক শক্তিকে (অ্যানালগ বা ডিজিটাল সিগন্যাল) মডুলেশনের মাধ্যমে আলোকশক্তিতে রূপান্তর করার পর তা অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে সঞ্চালন করা হয়। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের নিয়মে ডেটা প্রবাহিত হয়।
আবার ডিমডুলেশনের মাধ্যমে পুনরায় আলোকশক্তিতে শব্দশক্তি অথবা বৈদ্যুতিক শক্তিতে (অ্যানালগ বা ডিজিটাল সিগন্যাল) রূপান্তর করে ব্যবহারকারীর কাছে পৌঁছে দেয়। আলোর গতিতে ডেটা প্রবাহিত হয় বিধায় Optical fiber-এর মধ্য দিয়ে দ্রুত data প্রবাহিত হয়।

উত্তর-গ.
বিভাগীয় প্রতিটি শহরের প্রতিটি শাখায় কম্পিউটারগুলো Switch-এর মাধ্যমে Client Server Network-এর অন্তর্ভুক্ত। সুতরাং প্রতিটি শাখায় স্টার টপোলজি নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। স্টার টপোলজিতে নেটওয়ার্কভুক্ত সব কম্পিউটার থেকে কেব্ল বের হয়ে একটি কেন্দ্রীয় স্থানে যুক্ত হয়। এই কেন্দ্রীয় স্থানে এসব কেব্ল একটি ডিভাইসের সঙ্গে যুক্ত হয়। তাই একে কনসেনট্রেটর বলে। এই কনসেনট্রেটর হাব বা সুইচ হতে পারে। কোনো কম্পিউটার ডেটা ট্রান্সফার করতে চাইলে তা প্রথমে সেই হাব অথবা সুইচে পাঠিয়ে দেয়। এরপর হাব বা সুইচ সেই সিগন্যালকে লক্ষ্যস্থলে পাঠিয়ে দেয়।

উত্তর-ঘ.
দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করে কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করা হয়। এই নেটওয়ার্কের প্রধান উদ্দেশ্য কম্পিউটারগুলোর মধ্যে বিভিন্ন প্রকার রিসোর্স শেয়ার করা। নেটওয়ার্কের অন্তর্ভুক্ত কোনো কম্পিউটারের জন্য রিসোর্স হচ্ছে অন্য কম্পিউটারের এমন উপাদান বা সুবিধা, যা তার মধ্যে নেই। যেকোনো কম্পিউটারের উপাদানগত সীমাবদ্ধতা থাকতে পারে। তবে নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হয়ে যদি রিসোর্স শেয়ার করা যায়, তবে কম্পিউটারের সাহায্যে কাজ করার ক্ষেত্র অনেক বড় হয়। দেশের সব শাখাকে নেটওয়ার্কের মধ্যে আনতে বিশেষজ্ঞের পরামর্শের যৌক্তিকতা হলো—

i. তথ্যের সহজ প্রাপ্তি নিশ্চিত করা।
ii. সার্ভার কম্পিউটারের কর্মদক্ষতা ও যথাযথ ব্যবহার নিশ্চিত করা।
iii. নিশ্চিন্তে ডেটার ব্যাকআপ রাখা।
iv. ব্যবহারকারীদের নিরাপদ ও সহজ অ্যাকসেস সুবিধা প্রদান করা।
v. স্পর্শকাতর ডেটার নিরাপত্তা নিশ্চিত করা।
vi. ব্যবহারকারীকে আপডেট তথ্য সরবরাহ করা।
vii. ব্যবহারকারী অ্যাকসেস নিয়ন্ত্রণ ও অ্যাকসেস করা।
viii. সিস্টেমকে আকাঙ্ক্ষিত ব্যবহারকারী থেকে নিরাপদ রাখা।
ix. অনলাইন ব্যাংকিং চালু করা।
মাস্টার ট্রেইনার
প্রভাষক, রাউজান কলেজ, চট্টগ্রাম